করোনা মোকাবিলায় দলমত নির্বিশেষে বিশেষজ্ঞদের সমন্বয়ে জাতীয় কমিটি গঠনের আহ্বান জানিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জনগণের জীবন-জীবিকা রক্ষায় ব্যর্থ। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর গণফোরামের এক মানববন্ধনে অনলাইনে যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন। ড. কামাল হোসেন বলেন, করোনা মহামারীর এই দুর্দিনে প্রস্তাবিত বাজেট সাধারণ মানুষের আকাক্সক্ষা পূরণে ও জনগণের জীবন-জীবিকা রক্ষায় ব্যর্থ। এ সময় বিনা চিকিৎসায় করোনা আক্রান্তদের মৃত্যুতে উদ্বেগ প্রকাশ করেন তিনি।
মানববন্ধনে অনলাইনে যুক্ত হয়ে গণফোরাম নেতা মোস্তফা মোহসীন মন্টু বলেন, ‘করোনা মোকাবিলায় সরকারের নানা অবহেলা, অযোগ্যতা ও অব্যবস্থাপনায় আমি হতবাক। এমন ক্রান্তিকালেও ত্রাণ লুটপাট ও দুর্নীতির খবরে মুক্তিযোদ্ধা হিসেবে লজ্জাবোধ করি।’ এ সময় করোনা মোকাবিলায় যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি। প্রস্তাবিত বাজেটকে ‘গতানুগতিক ও বড়লোকদের স্বার্থরক্ষা’র বাজেট হিসেবে অভিহিত করেন গণফোরাম নেতা অধ্যাপক আবু সাইয়িদ। অনলাইনে যুক্ত হয়ে তিনি বলেন, ‘এ বাজেটে কৃষি ও স্বাস্থ্য খাতে বরাদ্দ অপর্যাপ্ত, বেকারদের কর্মসংস্থানের কোনো দিকনির্দেশনা নেই।’ গণফোরামের আরেক নেতা সুব্রত চৌধুরী বলেন, থোক বরাদ্দের নামে প্রস্তাবিত বাজেটে সরকার নিজেদের অপরিপক্বতা দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে। বাংলাদেশকে দুর্নীতিবাজ ও কালো টাকার মালিকদের অভয়ারণ্যে পরিণত করেছে।
