ডা. জাফরুল্লাহর শারীরিক অবস্থার কিছুটা অবনতি

আপডেট : ১৭ জুন ২০২০, ০৫:৫৮ এএম

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছে। করোনাভাইরাসমুক্ত হলেও তার নিউমোনিয়ার সংক্রমণ আবারও বেড়েছে। সেজন্য তাকে নতুন করে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে গণস্বাস্থ্য কেন্দ্রের ভেরিফায়েড ফেইসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানানো হয়।

গণস্বাস্থ্য নগর হাসপাতালের চিকিৎসক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. মামুন মুস্তাফির বরাতে কেন্দ্রের ফেইসবুক পেজে বলা হয়, ‘ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার আজ আবার কিছুটা অবনতি হয়েছে। তিনি যে নিউমোনিয়াজনিত জটিলতায় ভুগছিলেন তা আবারও বেড়েছে। তাই তাকে নতুন করে অ্যান্টিবায়োটিক ওষুধ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।’

গত ২৫ মে গণস্বাস্থ্য উদ্ভাবিত কিটে তার করোনাভাইরাস শনাক্ত হওয়ার বিষয়টি জানিয়েছিলেন জাফরুল্লাহ চৌধুরী। পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে পরীক্ষাতেও একই ফল আসে। গত ২৯ মে থেকে তিনি নিজের প্রতিষ্ঠান গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন। গত সোমবার পিসিআর ল্যাবে ডা. জাফরুল্লাহর নমুনা পরীক্ষার ফল নেগেটিভ আসে। এর আগে গত শনিবার গণস্বাস্থ্যের কিটে পরীক্ষায় তিনি করোনা ‘নেগেটিভ’ হন।

জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রী শিরীন হক ও ছেলে বারিশ চৌধুরীরও করোনাভাইরাসে আক্রান্ত। তারা দুজন বাসায় চিকিৎসা নিচ্ছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত