হাসপাতালে করোনা আক্রান্ত নারীকে যৌন হয়রানি!

আপডেট : ১৭ জুন ২০২০, ০৬:০৩ এএম

খুলনায় করোনা ডেডিকেটেড হাসপাতালে (ডায়াবেটিস হাসপাতাল) চিকিৎসাধীন এক গৃহবধূকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাসপাতালটির চুক্তিভিত্তিক (আউটসোর্সিং) কর্মচারী নজরুল ইসলামকে বরখাস্তের পর আটক করেছে পুলিশ। তিনি গত ৬ জুন থেকে একাধিকবার চিকিৎসাধীন ওই গৃহবধূকে যৌন হয়রানি করেন। গত ১৩ জুন রাতে আবারও একই কাজের সময় চিকিৎসাধীন করোনা রোগীরা এক হয়ে নজরুলকে আটক করলে হাসপাতাল কর্র্তৃপক্ষ তাকে বরখাস্ত করে। এরপর গতকাল মঙ্গলবার নগরীর খোড়াবস্তি এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

ভুক্তভোগী গৃহবধূর স্বজনদের অভিযোগ, গত ৬ জুন করোনা পজিটিভ হয়ে ওই গৃহবধূ করোনা হাসপাতালে ভর্তি হন। ভর্তির পর থেকেই আউটসোর্সিং কর্মচারী নজরুল ইসলাম তাকে উত্ত্যক্ত এবং রাতের বেলায় ওয়ার্ডে এসে নানা অজুহাতে স্পর্শ করার চেষ্টা করত। এছাড়া গভীর রাতে মহিলা ওয়ার্ডে এসে অন্য নারীদেরও ব্লাড প্রেসার মাপা বা অক্সিজেন দেওয়ার অজুহাতে গায়ে হাত দেওয়ার চেষ্টা করত নজরুল। ওই গৃহবধূ অভিযোগ করে বলেন, গত ১৩ জুন রাতে নজরুল মহিলা ওয়ার্ডে এসে তাকে ঘুম থেকে জাগিয়ে অপারেশন থিয়েটারে যেতে বলে। না গেলে সমস্যা হবে বলে হুমকি দেয়। বিষয়টি তিনি ওয়ার্ডের অন্য রোগীদের জানিয়ে অপারেশন থিয়েটারে গেলে নজরুল তাকে জড়িয়ে ধরার চেষ্টা করে। এ সময় অন্য রোগীরা তাকে (নজরুল) ঘেরাও করে বিষয়টি নার্স ও ডাক্তারদের জানান। পরে গত সোমবার এ নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নজরুলকে হাসপাতাল থেকে বরখাস্ত করা হয়।

খুলনা মেডিকেল কলেজের (খুমেক) উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ দেশ রূপান্তরকে বলেন, ‘বিষয়টি অত্যন্ত দুঃখজনক। করোনা পরিস্থিতির মধ্যে এ ধরনের অপরাধ মেনে নেওয়া যায় না।’

অন্যদিকে খুমেক হাসপাতালের পরিচালক ডা. মুন্সী মো. রেজা সেকেন্দার দেশ রূপান্তরকে বলেন, ‘অভিযোগ ওঠার পর নজরুলকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া মহিলা ওয়ার্ডে পুরুষরা কেন দায়িত্বে ছিল সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

নগরীর সোনাডাঙ্গা মডেল থানার দায়িত্বরত কর্মকর্তা (সেকেন্ড অফিসার) রাধেশ্যাম সরকার বলেন, ‘ভিকটিমের পরিবারের সঙ্গে মৌখিক আলোচনার পর অভিযুক্ত নজরুলকে নগরীর হাফিজনগর খোড়াবস্তি এলাকা থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত