২২০ টাকার স্যাভলন ৫০০ টাকায় বিক্রি, ১৩ হাজার টাকা জরিমানা

আপডেট : ১৭ জুন ২০২০, ০৬:১৭ এএম

ব্রাহ্মণবাড়িয়ায় ২২০ টাকার স্যাভলন ৫০০ টাকা বিক্রয় করায় এক দোকানকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ে অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার দুপুরে শুনানি শেষে এ জরিমানার টাকার ২৫ শতাংশ করে দুই অভিযোগকারীর হাতে তুলে দেওয়া হয়।

অভিযোগকারীদের একজন আলাউদ্দিন অপি বলেন, ‘গত ২০ মে শহরের পুরাতন জেলরোডের সন্ধানী সার্জিক্যাল অ্যান্ড অর্থোকেয়ার সেন্টার থেকে এসিআই কোম্পানির ফ্যামিলি সাইজ ১০০০ মিলি স্যাভলন দুটি কিনি। দোকানদার দুটির দাম রাখেন ১ হাজার টাকা। অথচ প্রতিটির গায়ের মূল্য ২২০ টাকা করে, এ হিসাবে প্রকৃত দাম হয় ৪৪০ টাকা। দোকানদার আমার কাছ থেকে ৫৬০ টাকা বেশি রাখেন।’ তিনি বলেন, ‘আমি প্রতিবাদ করলে আমাকে বলে ইচ্ছে হলে আপনি এই মূল্য দিয়ে নেন, না হলে চলে যান। বাধ্য হয়ে আমি অধিক মূল্য দিয়ে আমার প্রয়োজনে ক্রয় করি এবং দোকানদারের কাছ থেকে ক্যাশ মেমো নেই। পরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ায় শাখায় লিখিত অভিযোগ করি।’

অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া শাখার সহকারী পরিচালক মেহেদী হাসান জানান, এই দোকান একই ধরনের পণ্যে অতিরিক্ত মূল্য নেওয়ায় দুজন অভিযোগ করেন। মঙ্গলবার শুনানিতে দোকান কর্র্তৃপক্ষ লিখিতভাবে নিজেদের দোষ স্বীকার করে এবং ভবিষ্যতে এরকম হবে না মর্মে অঙ্গীকার করে। এর পরিপ্রেক্ষিতে দোকানদারকে দুটি অভিযোগের জন্য সাড়ে ৬ হাজার টাকা করে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়ম মোতাবেক জরিমানার টাকার ২৫ শতাংশ করে অভিযোগকারীদের ক্ষতিপূরণ বাবদ দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত