বিশ্বকাপের আদলে চ্যাম্পিয়ন্স লিগ

আপডেট : ১৭ জুন ২০২০, ০৭:২৯ এএম

ইউরোপের প্রায় সব ফুটবল লিগই হয় শুরু হয়েছে বা শুরুর তারিখ ঘোষণা করা আছে। কিন্তু করোনাভাইরাসে গেল মার্চ থেকে ইউরোপের সর্বোচ্চ ক্লাব প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স লিগের প্রি-কোয়ার্টারের চার ম্যাচসহ বাকি রাউন্ডগুলো আটকে আছে। এমন অবস্থায় পর্তুগালের লিসবনে ১২ দিনে টুর্নামেন্ট শেষ করার পরিকল্পনা করেছে উয়েফা। ফাইনাল হবে ২৩ আগস্ট। উয়েফার আজকের বৈঠকে বিষয়টি চূড়ান্ত হতে পারে।

রয়টার্স জানিয়েছে, প্রি-কোয়ার্টারের বাকি থাকা ৪ ম্যাচ যেই ভেন্যুতে হওয়ার কথা ছিল, সেখানেই হবে। টুর্নামেন্টের বাকি অংশ হবে লিসবনে এবং এক রাউন্ডে। মানে কোনো হোম-অ্যান্ড অ্যাওয়ে ম্যাচ নয়। ১২-১৫ আগস্ট হবে কোয়ার্টার ফাইনাল। ১৮-১৯ আগস্ট সেমিফাইনাল। আর ফাইনাল ২৩ আগস্ট।

এদিকে বায়ার্ন মিউনিখের কোচ হান্স ফ্লিক বলছেন নতুন এই ফরম্যাটে চ্যাম্পিয়ন্স লিগ হলে সুবিধা পারে তার দল। ট্রেবল জয়ের স্বপ্ন দেখছেন তিনি। লিগ শিরোপা প্রায় নিশ্চিত (গত রাতের ম্যাচ জিতলে নিশ্চিত)। জার্মান কাপের ফাইনালেও উঠেছে। চ্যাম্পিয়ন্স লিগে প্রি-কোয়ার্টারে প্রথম লেগে চেলসির বিপক্ষে বায়ার্ন এগিয়ে ৩-০ তে। ফ্লিক বলেন, ‘যখন একটি করে ম্যাচ হবে, তখন তা দুই লেগের মতো একই হবে না। আমি এই ধরনের (১ রাউন্ড) টুর্নামেন্টে অভ্যস্ত।’ ২০১৪ বিশ্বকাপে প্রথম রাউন্ডের পর সব নকআউট জিতে চ্যাম্পিয়ন হয়েছিল জার্মানি। সেই দলে কোচ জোয়াকিম লো’য়ের সহকারী ছিলেন ফ্লিক। তিনি সেই প্রসঙ্গ টেনে বলেন, ‘একদিনেই সব, এ জন্যই আমি মনে করি ভালো করব। আমরা সবশেষ ১৩ ম্যাচ জিতেছি।’

ম্যাচ হতে পারে দুটি স্টেডিয়ামে। বেনফিকার স্তাদিও দে লুজ এবং স্পোর্টিং লিসবনের জোসে আলভালদে স্টেডিয়ামে। দর্শক ঢুকতে পারবে না। তবে পর্তুগালের করোনা পরিস্থিতি বিবেচনায় দর্শকের চিন্তাভাবনা পরবর্তীকালে করা হতে পারে। 

আগে ফাইনাল হওয়ার কথা ছিল ইস্তাম্বুলে। লিসবনে পুরো টুর্নামেন্ট হলে সে ক্ষেত্রে ২০২১ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল হবে ইস্তাম্বুলে। একই ধরনের ফরম্যাটে জার্মানিতে ১০ আগস্ট থেকে ইউরোপা লিগ শুরুর কথা ভাবছে উয়েফা।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত