অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বর্তমান টেস্ট অধিনায়ক টিম পেইন ২০০৪ সালে বাংলাদেশে এসেছিলেন দেশটির অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হয়ে। তবে বাংলাদেশে অনুষ্ঠিত যুব বিশ্বকাপে খেলতে এসে চমকে গিয়েছিলেন বলে মন্তব্য করেছেন পেইন।
অস্ট্রেলিয়ার থেকে একেবারে ভিন্ন আবহ, ভিন্ন কন্ডিশনই পেইনের এই চমকে যাওয়ার কারণ। এতদিন পর সেই আসরের স্মৃতি চারণ করতে গিয়ে পেইন এও বলেছেন, বাংলাদেশে খেলাটা ছিল খুব চ্যালেঞ্জের।
ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর একটি লেখায় অস্ট্রেলিয়াকে যুব বিশ্বকাপে পেইনের নেতৃত্ব দেওয়ার কথা উঠে এসেছে। সেখানেই পেইন বলেন, ‘অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলকে নেতৃত্বে দেওয়ার সম্মান পেয়েছিলাম আমি। ওই সময়ের যেটি সবচেয়ে বেশি মনে পড়ে, বাংলাদেশের মতো একটি দেশে প্রথমবার যাওয়া। চোখ খুলে দেওয়ার মতো ব্যাপার ছিল সেটি।’
বাংলাদেশে এসে যে অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন সেটি আগে কখনো হননি বলে মন্তব্য করেন পেইন। বলেন, ‘তেমন কিছুর অভিজ্ঞতা আগে কখনো হয়নি। আমার মনে আছে, ওখানে প্রথম সপ্তাহে ছেলেরা সবাই ধাক্কা খেয়েছিল। অস্ট্রেলিয়ায় আমরা যেভাবে অভ্যস্ত, সেসবের চেয়ে কতটা আলাদা ওখানে। তরুণ একটি অস্ট্রেলিয়ান দলের জন্য সেখানে যাওয়া ও সেই অভিজ্ঞতা ছিল বড় একটি চ্যালেঞ্জ।’
বাংলাদেশে স্পিন খেলার প্রসঙ্গও টেনেছেন পেইন। বলেন, ‘স্পিন খেলার কথাও মনে পড়ে আমার। ভাবছিলাম, এটা কতটা কঠিন! এবং গত ১৫-১৬ বছরেও তা বদলায়নি।’
২০০৪ সালের যুব বিশ্বকাপের সেই আসরে ট্রফির লড়াই থেকে ছিটকে যাওয়া অস্ট্রেলিয়া পরে প্লেট পর্বে হার মানে স্বাগতিক বাংলাদেশের কাছে।
