করোনাভাইরাসের কারণে আপাতত ফুটবলাররা খেলার বাইরে। মাঠে কোনো ধরনের ফুটবল কার্যক্রম নেই। তবে স্থগিত থাকা বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইয়ের ম্যাচগুলোর সূচি এরই মধ্যে জানিয়ে দিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। সেই হিসেবে অক্টোবর-নভেম্বরে আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে পড়তে হবে জামাল ভূঁইয়া, তপু বর্মনদের।
বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের বাকি আরো ৪ ম্যাচ। ম্যাচগুলোকে সামনে রেখে আগস্টে ফুটবলারদের নিয়ে অনুশীলন ক্যাম্প শুরুর পরিকল্পনা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)। অনুশীলন ক্যাম্পের আগে খেলোয়াড়দের করোনা পরীক্ষা ও আইসোলেশনেও রাখা হবে বলে জানিয়েছে বাফুফে।
একদিন আগেই ইংলিশ কোচ জেমি ডের সঙ্গে দুই বছরের নতুন চুক্তির আনুষ্ঠানিকতা সেরেছে বাফুফে। এরপরই বুধবার জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি ভার্চুয়াল বৈঠকে বসেছিল। সেখানেই খেলোয়াড়দের নিয়ে কর্মপরিকল্পনা ও বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সভাশেষে বাফুফের সহ-সভাপতি ও জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ বলেন, ‘আগস্টের শুরুতে প্রাথমিক ভাবে ৪৪ জন খেলোয়াড়কে ক্যাম্পে ডাকতে চাই। ঢাকা বা ঢাকার বাইরে সুবিধাজনক পরিবেশে ক্যাম্প করানোর জন্য জায়গা খোঁজা হচ্ছে। ক্যাম্পের শুরুতেই প্রত্যেক খেলোয়াড়কে করোনা পরীক্ষা করানোর পর দুই সপ্তাহ আইসোলেশনে রাখা হবে। এর পর শুরু হবে দলীয় অনুশীলন।’
কোচ জেমি ডের সঙ্গে বাফুফের নতুন চুক্তি শুরু হবে ১৬ আগস্ট থেকে। এরপরই অর্থাৎ ২০ বা ২২ আগস্ট থেকে খেলোয়াড়দের ক্যাম্প শুরু করতে চায় বাফুফে।
এদিকে জেমি ডে দেশের বাইরে কন্ডিশনিং ক্যাম্প চেয়েছিলেন। এ বিষয়ে কাজী নাবিল আহমেদ বর্তমান সার্বিক পরিস্থিতির চিত্রই তুলে ধরলেন। ‘দেশের বাইরে ক্যাম্প হওয়াটা নির্ভর করছে ওই সময়ের সার্বিক অবস্থার ওপর। আমরা কোনো দেশে ক্যাম্প করতে চাইলে, সেই দেশ আমাদের নেবে কি না, আন্তর্জাতিক ফ্লাইটের বিষয়ও আছে। সব কিছু বিবেচনা করেই দেশের বাইরে ক্যাম্প নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে।’- বলেন কাজী নাবিল।
সূচি অনুযায়ী ৮ অক্টোবর বিশ্বকাপ বাছাইয়ে আফগানিস্তানের বিপক্ষে হোম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। জামালদের পরের ম্যাচ কাতারের মাটিতে ১৩ অক্টোবর। ঘরের মাঠে ১২ নভেম্বর ভারত ও ১৭ নভেম্বর ওমানের বিপক্ষে খেলবে জামালরা।
এখন পর্যন্ত বিশ্বকাপ বাছাইয়ে চার খেলায় বাংলাদেশের সংগ্রহ ১ পয়েন্ট।
