করোনাভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর থেকে ভারতে প্রথমবারের মতো এক দিনে দুই হাজারেরও বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে। সৌদি আরবে মৃত্যুর সংখ্যা এক হাজার ছাড়িয়েছে।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত পূর্ববতী ২৪ ঘণ্টায় কভিড-১৯ এ ২ হাজার ৩ জনের মৃত্যু হয়েছে। এতে করোনাভাইরাস সংক্রমণে ভারতে ১১ হাজার ৯০৩ জনের মৃত্যু হলো বলে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে।
এরমধ্যে শুধু মহারাষ্ট্র রাজ্যেই কভিড-১৯ এ ৫ হাজার ৫৩৭ জনের মৃত্যু হয়েছে। রাজ্যটিতে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮০৯ জনের মৃত্যু হয়। রাজ্যের প্রধান শহর ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে মৃত্যুর সংখ্যা ৩ হাজার ১৬৭ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ৪৩৭ জনের মৃত্যু নিয়ে গুজরাটকে ছাড়িয়ে তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে রাজধানী দিল্লি। এখানে মোট মৃত্যুর সংখ্যা এক হাজার ৮৩৭ জনে দাঁড়িয়েছে।
গুজরাটে মৃত্যু হয়েছে এক হাজার ৫৩৩ জনের। তামিলনাড়–তে ৫২৮ জনের আর পশ্চিমবঙ্গে ৪৯৫ জনের।
ভারতে একদিনে আরও ১০ হাজার ৯৭৮ জন নতুন আক্রান্ত শনাক্ত হওয়ায় করোনাভাইরাস আক্রান্তের মোট সংখ্যা তিন লাখ ৫৪ হাজার ৬৫ জনে দাঁড়িয়েছে। আক্রান্তের এ সংখ্যা নিয়ে বিশ্বে চতুর্থ স্থানে আছে ভারত। শুধু যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও রাশিয়া ভারতের ওপরে আছে।
এদিকে বিশ্বজুড়ে মহামারী সৃষ্টি করা নতুন করোনাভাইরাসে সৌদি আরবে মৃত্যুর সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। গত মঙ্গলবার আরও ৪১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে দেশটিতে কভিড-১৯ এ নিশ্চিত মৃতের মোট সংখ্যা এক হাজার ৫২ জন হয়েছে। একদিনে আরও চার হাজার ২৬৭ জন নতুন রোগী শনাক্ত হওয়ায় দেশটিতে মোট কভিড-১৯ আক্রান্তের সংখ্যা এক লাখ ৩৬ হাজার ৩১৫ জনে দাঁড়িয়েছে।
শনাক্ত রোগীদের মধ্যে এ পর্যন্ত ৮৯ হাজার ৫৪০ জন সুস্থ হয়েছেন বলে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
শনাক্ত ২১ লাখ ৩৭ হাজার ৭১৬ জন আক্রান্ত নিয়ে তালিকার শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। এরপর যথাক্রমে ব্রাজিল, রাশিয়া ও ভারত সবচেয়ে আক্রান্ত দেশ হিসেবে আছে।
গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী ভাইরাসটিতে বিশ্বজুড়ে চার লাখ ৪১ হাজার ৬৬৮ জনের মৃত্যু হয়েছে। এক লাখ ১৬ হাজারেরও বেশি মৃত্যু নিয়ে এই তালিকায়ও যুক্তরাষ্ট্র শীর্ষে আছে।
