প্রস্তাবিত বাজেট শুভঙ্করের ফাঁকি : রিজভী

আপডেট : ১৮ জুন ২০২০, ০৫:৫৫ এএম

২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে একেবারে শুভঙ্করের ফাঁকি বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, ‘প্রস্তাবিত বাজেট একেবারে শুভঙ্করের ফাঁকি। বাজেটের মধ্যে ফুটে উঠেছে সরকারের নির্মমতা, নির্দয়তা। বাজেট পাস হয়নি, এর আগে মোবাইল থেকে টাকা কাটা শুরু হয়েছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বাস্থ্য খাত। সে খাতে বরাদ্দ রাখা হয়েছে গতানুগতিক। বিশেষভাবে কিছু করা হয়নি।’

গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘২০২০-২১ অর্থবছরে গতানুগতিক উচ্চাভিলাষী অসামঞ্জস্যপূর্ণ বাজেট ভাবনা থেকে বেরিয়ে মানবকল্যাণে করোনা সংকটকালীন যথাযথ এবং বাস্তবসম্মত বাজেট প্রত্যাশা’ শীর্ষক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন। এ মানববন্ধনের আয়োজন করে ফিউচার অব বাংলাদেশ। 

তিনি বলেন, করোনা মোকাবিলা করতে গিয়ে আমরা দুর্নীতির মহোৎসবের ভয়াবহতা দেখলাম। সরকারের অদক্ষতা দেখলাম। আজকে মাস্ক নেই, হাসপাতালে ভেন্টিলেটর নেই, অক্সিজেন নেই। এগুলো কীভাবে আনা যায়, অভাব পূরণ করা যায় তা বাজেটের মধ্যে নেই। এ বাজেট শুধু মানুষকে বোকা বানানোর বাজেট। করোনা মোকাবিলার জন্য ৭১ শতাংশ হাসপাতালে করোনা সুরক্ষা নেই। সুরক্ষা সামগ্রী না থাকার কারণে চিকিৎসা বিঘিœত হচ্ছে। এ প্রস্তাবিত বাজেটের মধ্যে এর কোনো দিকনির্দেশনাও নেই।

তিনি বলেন, ‘বাংলাদেশের হাসপাতালে করোনা মোকাবিলায় ৮৬ শতাংশ নার্সদের প্রশিক্ষণ থাকা দরকার ছিল। তাদের সেই প্রশিক্ষণ নেই। ফলে যারা করোনা আক্রান্ত হচ্ছেন তারা সঠিক সেবা পাচ্ছেন না। প্রশিক্ষণের জন্য যা যা করা দরকার তাও বাজেটে নেই। বাজেটে মানুষ বাঁচানোর কোনো পদক্ষেপ নেই বরং মানুষ যাতে মৃত্যুর কোলে ঢলে পড়ে সেই ব্যবস্থা করা হয়েছে।’

গতকাল দুপুরে রাজধানীর শ্যামলী মোড়ে জিয়াউর রহমানের ৩৯তম মৃত্যুবার্ষিকী মোহাম্মদপুর ছাত্রদল আয়োজিত খাদ্য বিতরণে যোগদান করেন রুহুল কবির রিজভী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত