গাজীপুরে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৪৯ জন। এ নিয়ে গাজীপুরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৫১১ জনে। ৫০১ জনের নমুনা পরীক্ষা করা হয়। বুধবার বিকেলে গাজীপুর সিভিল সার্জন মো. খায়রুজ্জামান এ তথ্য জানান। জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৮ জন।
সিভিল সার্জন বলেন, গাজীপুরে ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৪৯ জন। তাদের মধ্যে গাজীপুর সিটি করপোরেশন ও সদরে সর্বাধিক ১০১ জন। এছাড়া কালিয়াকৈরে ২৭ ও শ্রীপুরে ২১ জন। কালীগঞ্জ ও কাপাসিয়ায় নতুন করে কোনো আক্রান্ত নেই।
এ নিয়ে গাজীপুরে মোট আক্রান্ত ২ হাজার ৫১১ জনের মধ্যে কালিয়াকৈর উপজেলায় ৩০৯, কালীগঞ্জে ১৯৮, কাপাসিয়ায় ১৫৩, শ্রীপুর উপজেলায় ২৬৯ ও গাজীপুর সদর উপজেলা ও সিটি করপোরেশন এলাকা মিলে ১ হাজার ৫৮২ জন। করোনায় আক্রান্ত হয়ে জেলায় এ পর্যন্ত মারা গেছেন ২৮ জন। বুধবার পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৯৯ জন।
গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান বলেন, গাজীপুর জেলায় বুধবার পর্যন্ত ১৮ হাজার ৪৮১ জনের নমুনা পরীক্ষা করে পজিটিভ হয়েছে ২ হাজার ৫১১ জনের।
