বুন্দেসলিগায় রেকর্ড ৮ শিরোপা বায়ার্নের

আপডেট : ১৮ জুন ২০২০, ০৭:০৭ এএম

করোনাভাইরাস এসে বায়ার্ন মিউনিখের শিরোপা জয় একটু বিলম্বিত করেছে কেবল, থামাতে পারেনি। জার্মান ফুটবলের সেরা ক্লাবটি রেকর্ড সংখ্যক ৮ বার বুন্দেসলিগা নিশ্চিত করল মঙ্গলবার। সব মিলিয়ে তাদের শিরোপা সংখ্যা গিয়ে দাঁড়াল রেকর্ড ৩০-এ। সেই ২০১২ মৌসুম থেকে ঘরোয়া লিগে টানা একক আধিপত্য দেখিয়ে চলেছে বায়ার্ন। দু’ম্যাচ বাকি থাকতেই শিরোপা জিতল তারা।

ওয়েরডার ব্রেমেনের বিপক্ষে ১-০ গোলের জয় নিশ্চিত করেছেন দলটির সেরা পারফরমার রবার্ট লেভানডোস্কি। ম্যাচের ৪৩ মিনিটে তার একমাত্র গোলেই ব্রেমেনের ইস্পাত কঠিন রক্ষণ ভাঙতে পেরেছে বায়ার্ন। শিরোপা নিশ্চিতের পর পোলিশ তারকা বলেছেন, ‘আমরা প্রমাণ করেছি জার্মানিতে আমরাই সেরা দল।’

ব্রেমেনের মাঠে প্রায় প্রথমার্ধ পুরো সময় দাপট দেখিয়েছে বৃষ্টি আর স্বাগতিকদের ডিফেন্স। কিছুতেই ভাঙা যাচ্ছিল না তা। অবশেষে বিরতির দুই মিনিট আগে জেরেমি বোয়াটেংয়ের ক্রস দারুণ দক্ষতায় প্রথমে বুক দিয়ে রিসিভ করে নিচু শটে গোল আদায় করে নেন লেভানডোস্কি।

এবারের লিগের সর্বোচ্চ গোলদাতা লেভানডোস্কির এটি ৩১তম গোল, বুন্দেসলিগায় এক মৌসুমে যা কোনো বিদেশির সর্বোচ্চ। ২০১৬-১৭ মৌসুমে বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে ৩১ গোল করে রেকর্ডটা গড়েন বর্তমানে আর্সেনালে খেলা পিয়েরে-এমেরিক অবামেয়াং। এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলে ৪০ ম্যাচে লেভানডোস্কির গোল সংখ্যা দাঁড়িয়েছে ৪৬টি। দলের সবশেষ ১০ ম্যাচে করেছেন ৯ গোল। শিরোপা জয়ের ম্যাচ শেষে শিরোপা জয়ের অন্যতম নায়ককে স্তুতির জোয়ারে ভাসালেন মিডফিল্ডার ডেভিস, ‘আমরা তাকে ডাকি ‘লেভানগোলস্কি।’ সেরা স্ট্রাইকার সে, বিশ্বের সেরা। এক মৌসুমে ৩১ গোল করা অবিশ্বাস্য।’

এমন অর্জনের দিনে ক্লাব সমর্থকদের পাশে না পেয়ে ব্যথিত লেভানডোস্কি। গত মাসে লিগ মাঠে ফেরা থেকেই দর্শকশূন্য ভাবে চলছে বুন্দেসলিগা। এদিনও ব্যতিক্রম ছিল না। শিরোপা উৎসবটা সমর্থকদের সঙ্গে ভাগাভাগি করতে না পারার আক্ষেপ জানিয়ে লেভানডোস্কি বলেছেন, ‘সমর্থকদের ছাড়া প্রতিটি ম্যাচ খেলা সত্যিই খুব কঠিন ছিল। তাদের উৎসাহ যে পরিমাণ শক্তি আমাদের জুগিয়ে থাকে তা অবিশ্বাস্য। গত কয়েক ম্যাচ ধরে সমর্থকদের আমরা খুব মিস করছি। আর এমন একটি ম্যাচ যেখানে আমাদের শিরোপা নিশ্চিত হয়েছে এতে তাদের পাশে না পাওয়া দুঃখের। তবে সবচেয়ে ভালো ব্যাপার আমরা আবার জার্মান চ্যাম্পিয়ন হয়েছি। আশা করি চ্যাম্পিয়ন্স লিগে আমরা আমাদের সমর্থকদের সামনে খেলতে পারব। আর আমাদের নতুন লক্ষ্য এখন চ্যাম্পিয়ন্স লিগ জয়।’

শিরোপা নিশ্চিত করতে পেরে খুশি দলটির নতুন কোচ হান্স ফ্লিক। এই মৌসুমেই নভেম্বরে দলের দায়িত্ব নিয়েছিলেন তিনি। তার অধীনে কখনোই ধারাবাহিকতা হারায়নি বায়ার্ন। এমনকি করোনার কারণে লিগ বন্ধ হলেও না। গত মাসে লিগ আবার চালু হওয়ার পর লিগ ও জার্মান কাপ মোট ৮ ম্যাচ জিতেছে দলটি। ২০১৪ বিশ্বকাপ জার্মান দলের সহকারী কোচ ফ্লিক এখন বায়ার্নকে স্বপ্ন দেখাচ্ছেন ট্রেবলের। জার্মান কাপের ফাইনালে পা রাখা বায়ার্ন ওই শিরোপা জয়ের অপেক্ষায়। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগেও শেষ ১৬’র প্রথম লেগে চেলসির বিপক্ষে ৩-০ তে জিতে আছে তারা।

অথচ ফ্লিক আসার আগে শিরোপা জয়ের কোনো সম্ভাবনাই ছিল না বায়ার্নের। নিকো কোভাকের অধীনে রীতিমতো ধুঁকছিল তারা। নভেম্বরে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের কাছে ৫-১ এ হেরেছিল দলটি। যা ২০০৯ সালের পর বায়ার্নের সবচেয়ে বাজে হার। ফ্লিক আসার পর এই অবস্থা থেকে ফেরে বাভারিয়ানরা। এই কোচকে দায়িত্ব দেওয়ার সময়ই বায়ার্ন প্রেসিডেন্ট হেইনার হার্বার্ট ফ্লিককে পাশে নিয়ে জানান ট্রেবল জয়ের স্বপ্ন তার। জবাবে ফ্লিক বলেছিলেন, ‘এটা বায়ার্ন মিউনিখ। এই দলের লক্ষ্যটা সবসময়ই বিশাল কিছু হবে, এটাই স্বাভাবিক।’ মঙ্গলবার রাতে লিগ শিরোপা নিশ্চিতের পর ফ্লিক জানান, ‘আমরা আমাদের প্রথম লক্ষ্যে পৌঁছেছি। এবার সামনেরগুলো অর্জনের পালা।’ এই শিরোপা দিয়ে বায়ার্ন তারকা থমাস মুলার ক্লাবের আরেক কিংবদন্তি ফ্রান্সের ফ্রাঙ্ক রিবেরির মতো নবম শিরোপা জিতলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত