দ্রুততম মানব সাময়িক নিষিদ্ধ

আপডেট : ১৮ জুন ২০২০, ০৭:১০ এএম

তৃতীয়বারের মতো ডোপ টেস্টে অনুপস্থিত থাকায় সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে বিশ্বের দ্রুততম মানব ক্রিস্টিয়ান কোলম্যানকে। ১০০ মিটারে বিশ্বচ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রের এই স্প্রিন্টার কোনো ধরনের প্রতিযোগিতা বা সংশ্লিষ্ট কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না। গতকাল বুধবার বিশ্ব অ্যাথলেটিকস সংস্থার ডোপিংবিরোধী শাখা অ্যাথলেটিকস ইন্টেগ্রিটি ইউনিট (এআইইউ) শাস্তির বিষয়টি নিশ্চিত করেছে।

তারা জানিয়েছে, ১২ মাসের মধ্যে তিনবার নিজের অবস্থান সম্পর্কে কর্র্তৃপক্ষকে জানাতে ব্যর্থ হয়েছেন ২৪ বছর বয়সী এই আমেরিকান। সবশেষ ঘটনাটি ঘটেছিল ২০১৯ সালের ৯ ডিসেম্বর। এর আগে একই বছরের ১৬ জানুয়ারি ও ২৬ এপ্রিল নিজের খোঁজ জানাতে ব্যর্থ হয়েছিলেন কো।

কোলম্যান অবশ্য দাবি করেছেন, শেষবার তিনি বড়দিনের কেনাকাটা করতে নিজের বাড়ি থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্বে অবস্থান করছিলেন এবং যিনি ডোপ পরীক্ষা করবেন, তিনি তার সঙ্গে যোগাযোগের তেমন কোনো চেষ্টা করেননি। ‘পারফরম্যান্স বৃদ্ধি করে এমন কোনো সম্পূরক বস্তু বা ওষুধ আমি কখনো গ্রহণ করিনি এবং কখনো করব না’ সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন তিনি। যোগ করেছেন, ‘নিজেকে নির্দোষ প্রমাণের জন্য দরকার হলে আমার পুরো ক্যারিয়ারের প্রতিটি দিনেই একবার করে পরীক্ষা দিতে আমি রাজি আছি।’ গেল সেপ্টেম্বরে কাতারের দোহায় বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে স্বদেশি জাস্টিন গ্যাটলিনকে পেছনে ফেলে স্বর্ণপদক জেতেন কোলম্যান। ৯.৭৬ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করেন তিনি। ১০০ মিটার স্প্রিন্টের ইতিহাসে এটি ষষ্ঠ সেরা টাইমিং। অর্থাৎ তিনি কেবল বর্তমান বিশ্বের দ্রুততম মানবই নন, সর্বকালের ষষ্ঠ সেরা দ্রুততম স্প্রিন্টারও।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত