সোশ্যাল মিডিয়ায় সরব সামিনা চৌধুরী

আপডেট : ১৮ জুন ২০২০, ০৭:৩২ এএম

দেশের সংগীতাঙ্গনের উজ্জ্বল নক্ষত্র সামিনা চৌধুরী। স্বতন্ত্র গায়কী আর সুরে অসামান্য দখলের কারণে তিনি প্রজন্ম থেকে প্রজন্মের কাছে অনুসরণীয়। আজকাল জীবনকে নতুনভাবে আবিষ্কার করেছেন এই প্রিয় শিল্পী। তবে খোলা প্রকৃতি খুব মিস করছেন। হুট করেই তার মন ছুটে যেতে চায় অবারিত সবুজের কাছে। কিন্তু তা এখন সম্ভব হচ্ছে না। জীবনকে ভালোবেসেই আপাতত ইচ্ছাটাকে ঘরবন্দি করতে হচ্ছে। সামিনা চৌধুরী বলেন, ‘প্রকৃতিকে আজকাল বড্ড আপন লাগে। মায়ের সঙ্গে প্রকৃতির অদ্ভুত মিল খুঁজে পাচ্ছি। মা যেমন দেহের শেষ রক্তবিন্দু দিয়ে সন্তানকে আগলে রাখে, তেমনি প্রকৃতি আমাদের বছরের পর বছর আগলে রেখেছে। অনেক অন্যায়, অত্যাচার মুখ বুজে সহ্য করেছে মায়ের মতো। কিন্তু সে আর পারছিল না। তাই তো পৃথিবীর প্রতি প্রচণ্ড অভিমান হয়েছে। সে নিজের অস্তিত্ব রক্ষার জন্যই আজ সবাইকে করোনা নামক অস্ত্র দিয়ে ঘরবন্দি করেছে। আবার হয়তো প্রকৃতি সতেজ হবে। আমাদের আবার আগের মতো তার বুকে নেচে, গেয়ে, আনন্দে মেতে উঠতে উৎসাহ দেবে। এখন শুধু সেই দিনটির অপেক্ষায় আছি।’

গানই তো সামিনা চৌধুরীর আসল পরিচয়, তাই নিজের এই অভিব্যক্তিগুলো গানের কথা, সুর আর তালে সবার মধ্যে ছড়িয়ে দিতে চান তিনি। তাই তো প্রকৃতির আহ্বান নিয়ে তরিক মৃধার লেখা একটি গানের সুর নিজেই করে ফেলেছেন। তিনি বলেন, ‘গানটির কথা খুব ভালো লেগেছে। যেন আমারই মনের কথা। তরিক আমকেই সুর করতে অনুরোধ করে। কিন্তু আমি তো সুর করতে অভ্যস্ত নই। তারপরও এক ভোরে চেষ্টা করলাম, দেখি বেশ ভালো একটা মেলোডি পেয়ে গেছি। কিন্তু রেকর্ডিং নিয়ে ঝামেলা হচ্ছে। করোনার এ সময়ে কোনো কাজই তো সহজে হচ্ছে না। চেষ্টা করছি, দ্রুত গানটি রেকর্ড করে দর্শকদের শোনাতে। অনেকেই গানটির বক্তব্যের সঙ্গে একমত হবেন।’

শুধু গানে সুর করা নয়, এই ঘরবন্দি জীবনে সামিনা চৌধুরী আরও নতুন অনেক কিছুই করছেন। যেমন এখন তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ সরব। আগে সেভাবে তাকে এদিকে পাওয়া যেত না। তিনি বলেন, ‘সম্প্রতি নিজের ফেইসবুক ফ্যান পেজ খুলেছি। নিয়মিত গান, কবিতা, ভিডিও, মনের কথাসহ নানা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছি। আসলে এভাবেই ভালো থাকতে হবে আমাদের। ব্যস্ত না থাকলে নানা দুশ্চিন্তা মনের মধ্যে খেলা করে। নিজেকে ব্যস্ত রাখার জন্য জোর করে হলেও নানা কাজ করছি। নিয়মিত রেওয়াজ করছি। এখন নিজের গানের চেয়ে অন্য শিল্পীর গাওয়া কিছু পছন্দের গানও ভিডিওতে ধারণ করে শেয়ার করছি। ব্যায়াম করছি, আবার মনে হচ্ছে, এসব করে কী হবে? পরক্ষণেই নতুন দিনের প্রত্যাশায় আবার নতুন উদ্যমে কাজ করছি। ঘর এলোমেলো করে গোছানো, রান্না করা এসব চলছেই।’ তিনি আরও বলেন, ‘এখন জীবনকে সবকিছুর ঊর্ধ্বে গিয়ে অনুধাবন করছি। এমনিতেই শোবিজে এখন অসুস্থ প্রতিযোগিতা। তাতে মানুষ বেশি দিন সুস্থ থাকতে পারে না। তার ওপর প্রকৃতির এই বিরাগ। তাই আজকাল প্রায়ই মনে হয়, আর কি কখনো গান, নাচ, অভিনয় আগের মতো হবে?’

সামিনা চৌধুরী নতুন আরেকটি উপহার নিয়ে হাজির হতে যাচ্ছেন। নিজের জনপ্রিয় গানগুলোর পেছনের গল্প শোনাবেন ফেইসবুক ফ্যান পেজ থেকে লাইভ অনুষ্ঠানে এসে। এটি তার ভক্তদের দীর্ঘদিনের অনুরোধ। তবে শিল্পী হিসেবে সামাজিক দায়িত্ব ভুলে যাননি একদমই। কিছুদিন আগেই সৈয়দ আবদুল হাদি, রেজওয়ানা চৌধুরী বন্যা, শিবলী মহম্মদ, ফেরদৌস, ফাহমিদা নবী, নোবেল, অপি করিম, সাবিলা নূর, নুসরাত ফারিয়া, ক্রিকেটার তাসকিনের মতো জনপ্রিয় ৫০ জন তারকাকে নিয়ে ‘কেউ যাবো না বাইরে এখন আর, করোনা থেকে তবেই পাবো উদ্ধার’ এমন স্লোগান নিয়ে সচেতনতামূলক একটি ভিডিও নির্মাণ করেছেন। এর আগে ফ্যাশন হাউজ বিশ্বরঙের উদ্যোগে ‘বন্ধু ভয় পেও না’ শিরোনামের একটি গানও গেয়েছেন। সব মিলিয়ে জীবনকে নতুন চোখে দেখছেন তিনি। সবাই যেন এই সংকটকাল থেকে জীবনের জন্য নতুন দীক্ষা পায় সে কথাই বললেন বারবার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত