দেশে একদিনে মৃত্যু ৩৮, আক্রান্ত ৩৮০৩

আপডেট : ১৮ জুন ২০২০, ০২:৪৩ পিএম

চব্বিশ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৮ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ৩ হাজার ৮০৩ জনের মধ্যে প্রাণঘাতী অতি ছোঁয়াচে এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় মোট আক্রান্ত ছাড়িয়েছে ১ লাখ।

বাংলাদেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলার পর বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত মোট আক্রান্ত দাঁড়িয়েছে ১ লাখ ২ হাজার ২৯২ জন।

আক্রান্তদের মধ্যে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৪৩ জন। আর গত একদিনে আরও ১ হাজার ৯৭৫ জন নিয়ে মোট সুস্থ হয়েছেন ৪০ হাজার ১৬৪ জন।

দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে বৃহস্পতিবার দুপুরে মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদের উপস্থিতিতে এসব তথ্য তুলে ধরেন অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, চব্বিশ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৭ হাজার ৩৪৯টি, পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ২৫৯টি।

এই সময়ে মৃত্যুবরণ করাদের মধ্যে ৩১ জন নারী, সাতজন পুরুষ। তাদের মধ্যে ঢাকা বিভাগের ১৪ জন, চট্টগ্রাম বিভাগের ১৮ জন। বাকিদের দুজন খুলনা বিভাগের, বরিশাল বিভাগের একজন, রাজশাহী বিভাগের একজন, ময়মনসিংহ বিভাগের একজন এবং রংপুর বিভাগের একজন।

হাসপাতালে মৃত্যু হয়েছে ২৪ জনের, বাড়িতে মৃত্যু হয়েছে ১৪ জনের। তাদের বয়স ০-১০ বছরের মধ্যে একজন, ২১-৩০ বছরের মধ্যে দুজন, ৩১-৪০ বছরের মধ্যে পাঁচজন, ৪১-৫০ বছরের মধ্যে তিনজন, ৫১-৬০ বছরের মধ্যে ছয়জন, ৬১-৭০ বছরের মধ্যে ১৪ জন, ৭১-৮০ বছরের মধ্যে পাঁচজন ও ৮১-৯০ বছরের মধ্যে দুজন।

বুলেটিনে বলা হয়, চব্বিশ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে ৬৭৪ জনকে, ছাড় পেয়েছেন ৪০০ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১১ হাজার ২৬ জন।

এই সময়ে কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে ২ হাজার ৮২১ জনকে; ছাড় পেয়েছেন ২ হাজার ৬০৫ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৬২ হাজার ৭০৬ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত