গাজীপুরের কালিয়াকৈরে গতকাল বৃহস্পতিবার ভোররাতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আবু হানিফ (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। পুলিশের দাবি, হানিফ ডাকাতদলের সদস্য ও মাদক কারবারি ছিলেন। বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি জব্দ করা হয়। আবু হানিফ ওই এলাকার মো. কাঞ্চন শিকদারের ছেলে।
কালিয়াকৈর থানার ওসি আলমগীর হোসেন মজুমদার জানান, বুধবার গভীর রাতে উপজেলার হাবিবপুর এলাকা থেকে হানিফকে আটক করে পুলিশ। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী রাত ৩টার দিকে তাকে নিয়ে ওই এলাকায় অস্ত্র উদ্ধারে গেলে তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। হানিফও একপর্যায়ে পুলিশকে ফাঁকি দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। হানিফের বিরুদ্ধে সন্ত্রাস, ডাকাতি, মাদক, নারী নির্যাতনসহ ১০টি মামলা রয়েছে। এ ঘটনায় পুলিশের দুই কর্মকর্তাসহ চার সদস্য আহত হন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হানিফের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
