সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতিম-লীর সদস্য প্রয়াত মোহাম্মদ নাসিমের সংসদীয় আসন সিরাজগঞ্জ-১ শূন্য ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য মোহাম্মদ নাসিম ১৩ জুন মৃত্যুবরণ করায় একাদশ জাতীয় সংসদের ৬২ সিরাজগঞ্জ-১ আসনটি উক্ত তারিখে শূন্য হয়েছে।’
আওয়ামী লীগের এই বর্ষীয়ান নেতা ১৩ জুন বেলা ১১টার দিকে রাজধানীর শ্যামলীস্থ বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ইন্তেকাল করেন। সিরাজগঞ্জ-১ আসন থেকে তিনি আওয়ামী লীগের মনোনয়নে ৬ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদের কোনো আসন শূন্য হলে তার পরবর্তী ৯০ দিনের মধ্যে উপনির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। সে হিসেবে নাসিমের আসনে আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে ভোটের আয়োজন করতে হবে। তবে করোনাভাইরাসের প্রকোপের কারণে সব ধরনের নির্বাচন স্থগিত রাখা হয়েছে।
