হেইন্সের তালিম নিয়ে এসেছেন ব্রেথওয়েট

আপডেট : ১৯ জুন ২০২০, ০৬:৫১ এএম

২০১৭ হেডিংলি টেস্টে টানা দুই ইনিংসে সেঞ্চুরি করতে বসেছিলেন ক্রেইগ ব্রেথওয়েট। প্রথম ইনিংসে করেছিলেন ১৩৪। পরের ইনিংসে ৯৫ রান করে আউট হন। সেই ফর্ম এখন তার জন্য অলীক স্বপ্ন। অনেক দিন হলো ব্যাটে রান নেই। এতটাই বাজে সময় যাচ্ছে যে নিয়মিত টেস্ট স্পেশালিস্ট হয়েও দুই বছরে টেস্টে তার ব্যাটে ফিফটি নেই। ফর্মে ফিরতে মরিয়া উইন্ডিজ ওপেনার শরণাপন্ন হয়েছেন কিংবদন্তির ওপেনার ডেসমন্ড হেইন্সের। তার সঙ্গে কথা বলে ফর্মে ফেরার পথ বের করতে চেয়েছেন ব্রেথওয়েট।

ব্রেথওয়েটের সর্বশেষ সাফল্য ২০১৮ সালের জুলাইয়ে। দেশের মাটিতে বাংলাদেশের বিপক্ষে টানা দুই ইনিংসে সেঞ্চুরি করেছিলেন। এরপর টানা ২১ ইনিংসে হাফসেঞ্চুরিও করতে পারেননি। ৫৯ টেস্টের ক্যারিয়ারে এই প্রথম উইন্ডিজের নিয়মিত ওপেনারকে এত বাজে সময় কাটাতে হচ্ছে।

তবুও টেস্ট স্পেশালিস্টের ওপর আস্থা রেখেছেন উইন্ডিজ নির্বাচকরা। ইংল্যান্ড সফরেও দলে আছেন তিনি। হেইন্স-ব্রেথওয়েট দুজনই বার্বাডোজের। স্থানীয় দলের হয়ে খেলার সময় সর্বকালের সেরা ওপেনারদের একজন হেইন্সকে পেয়েছিলেন ম্যানেজার হিসেবে। সেখানেই টেকনিক্যাল দিক নিয়ে কাজ করেছেন। এবার মূলত মানসিক দিক নিয়েই কাজ হয়েছে, ম্যানচেস্টারে ক্যাম্পে থাকা উইন্ডিজ ওপেনার ভিডিও কনফারেন্সে জানালেন এমনটাই, ‘বার্বাডোজে হেইন্সের সঙ্গে কথা বলেছি। আমি যখন  দলে আসি, তিনিই ছিলেন ম্যানেজার। তখন থেকেই তার সঙ্গে কথা হয়। তিনিও ছিলেন ওপেনার, তার পরামর্শ তাই আমার অনেক কাজে দেয়। আলোচনার অনেকটা জুড়ে ছিল সবকিছু সাধারণ রাখা, খুব জটিল করে না ভাবা। সাধারণ কিছু পরামর্শ, তার সময়ে তিনি যেভাবে এগিয়েছেন। হয়তো দিনের তিন ঘণ্টা খেলা বাকি আছে বা এক ঘণ্টা, ওপেনারদের জন্য তখন কাজটা কঠিন। তিনি নিজে মানসিকভাবে ছিলেন খুব শক্ত, মানসিক দিকগুলো নিয়েই কথা হয়েছে এবং তিনি সহায়তা করেছেন।’

ইংল্যান্ডে ফিরতে পেরে ২০১৭ সালকে আবার ফেরাতে পারবেন কি না এমন প্রশ্নে  ব্রেথওয়েট জানান, ‘ওই টেস্ট প্রায় তিন বছর আগের। ভালো যা কিছু করেছিলাম, তা এখন অতীত। এখন আমাকে নতুন করে দেখাতে হবে এবং আমি প্রস্তুত, অপেক্ষায় আছি মাঠে নেমে ফর্মে ফেরার। চ্যালেঞ্জ নিতে আমি প্রস্তুত, দলের সবাই এখানে ভালো করতে পারে। আমাকে ইনিংস শুরু করতে হবে। নিজের দায়িত্ব আমি ভালো ভাবে করার চেষ্টা করব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত