‘যোগ্যতা থাকলে কেউ ঠেকিয়ে রাখতে পারে না’

আপডেট : ১৯ জুন ২০২০, ০৭:১৩ এএম

তাসনিয়া ফারিন। মাত্র দেড় বছরের ক্যারিয়ার। এটুকু সময়েই পেয়েছেন তুমুল সাড়া। ছোটপর্দার এই জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে কথা বলেছেন সুদীপ্ত

নতুন কাজ...

কাজ আমি এখনো শুরু করিনি। এ মাসে কাজ করার কোনো পরিকল্পনাও নেই। পরের মাস থেকে কাজ হয়তো করতে পারি। করোনা পরিস্থিতির ভেতরে কাজ করার ভরসা পাচ্ছি না।

বন্দি সময়...

আমরা তো সবসময় কাজের ভেতরে থাকি। এবার তিন মাসের বেশি সময় হয়ে গেল বাসায় থাকছি। একদিকে ভালো পরিবারের সবার সঙ্গে সময় কাটাতে পারছি। আবার অস্থির পরিবেশে এক ধরনের টেনশনও কাজ করছে।

দেড় বছরের জার্নি...

২০১৭ তে একটা নাটকে কাজ করলেও ২০১৯ সালের ভালোবাসা দিবসের একটা নাটকে কাজ করার ভেতর দিয়ে প্রফেশনাল ক্যারিয়ার শুরু করেছি। ঠিক কতগুলো নাটক করেছি তা মনে নেই। তবে কাজ করে বেশ ভালো লাগছে।

অল্প সময়ে...

এটা নিয়ে আসলে চিন্তা করিনি কখনো। চিন্তা করলে ওভার কনফিডেন্ট হয়ে যাব। আবার যদি অবহেলা করি তাহলে আবার ঝিমিয়ে যাব। ফলে আমি অনেক বেশি কনফিডেন্ট না আবার একেবারে যে কেয়ার করছি না তাও ঠিক না। ফলাফলের চেয়েও কতটুকু আমি কাজ করতে পারছি কতটুকু ভালো অভিনয় করছি সেটুকু নিয়েই ভাবি। মানুষ বলতে পারবে আমার কাজ কেমন? তবে আমি মনে করি এখনো আমি কিছুই হতে পারিনি। আমার পুরোটা পথ এখনো বাকি।

আত্মতুষ্টি...

কিছু কাজ আছে যেগুলো করে ভালো লেগেছে। ‘আগুনের দিন শেষ হবে একদিন’ করে বেশ তৃপ্তি পেয়েছি। এই বছর শুরুই হয়েছে ‘আদম’ নাটক দিয়ে। ‘পাশের বাসার মেয়ে’সহ বেশকিছু কাজে ভালো রেসপন্স পেয়েছি।

শোবিজ অঙ্গনে নতুন মানুষ...

যেহেতু নতুন মানুষ তাই শোবিজ অঙ্গন সম্পর্কে তেমন কিছু বলতে চাই না। আমি মনে করি আপনি যদি লেগে থাকেন, হার্ডওয়ার্ক করেন, যোগ্যতা এবং গ্রহণযোগ্যতা যদি থাকে তাহলে কাউকে তোয়াক্কা করে চলতে হবে না। অনেকে মিডিয়া পলিটিকস, এই সেই নানা কিছু বলে কিন্তু আমার মনে হয় নিজের অ্যাকটিং ঠিক করে যদি মনোযোগ দিয়ে কাজ করে যান তাহলে বাকি সবকিছু এমনিতেই ঠিক হয়ে যাবে। নিজের অভিনয় ছাড়া আমি বাকি কোনোকিছু নিয়ে চিন্তাও করি না। আমার একটাই চিন্তা- আমাকে যারা পর্দায় দেখবে, তারা যেন আমার ভালো পারফরম্যান্সটা দেখে। আমি বিশ্বাস করি, আপনার যদি যোগ্যতা থাকে আর আপনি যদি কঠোর পরিশ্রমী হন তাহলে আপনাকে কেউ ঠেকাতে পারবে না। আজ না হোক, কাল আপনি সফল হবেনই।

গোপন মন্ত্র...

আমার কোনো গোপন মন্ত্র নেই। তবে অভিনয়ের ক্ষেত্রে একেকজন একেক রকম প্রসেস ফলো করে। একেক জনের ভঙ্গিও একেক রকম। আমি এখনো এক্সপেরিমেন্টাল অবস্থায় রয়েছি। চরিত্র, আবহ সবকিছুর ওপর নির্ভর করে অভিনয় করার চেষ্টা করি। তবে কোনো রকমের স্ট্রাকচার ফলো করে কাজ করা হয় না। নিজের প্রচারিত কাজ, অন্যদের কাজ দেখে নিজের অভিনয় দক্ষতার উন্নতি করার চেষ্টা করি।

সিনেমায়...

আমার কোনো স্বপ্ন নেই যে সিনেমার নায়িকা হব। যেহেতু অভিনয় করি সেহেতু যদি ভালো কোনো সিনেমার প্রস্তাব পাই তবে অবশ্যই কাজ করব। তবে সিনেমা অনেক বড় বিষয়। অনেক ঝুঁকিও রয়েছে। তারপরও যদি কখনো ভালো মানের সিনেমার প্রস্তাব আসে, যদি নিজেকে গল্পের সঙ্গে মিলিয়ে দেখতে পারি তাহলে অবশ্যই সিনেমায় কাজ করব।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুপস্থিতি...

আমি চাই দর্শকদের সঙ্গে আমার পরিচয় পর্দাতেই সীমাবদ্ধ থাকুক। ব্যক্তিগত জীবন নিয়ে দর্শকদের সামনে হাজির হতে চাই না। কারণ আমি পর্দার জীবন আর ব্যক্তিগত জীবনকে আলাদা করে দেখি। যেহেতু দর্শক ফেইসবুকে পর্দার মানুষটিকে সহজে পেয়ে যায় তাই আমি সহজলভ্য হতে চাই না। এ ছাড়াও আমি ব্যক্তিগত জীবনে খুব সাদামাটা জীবন-যাপন করি। সামাজিক যোগাযোগ মাধ্যমে না থাকার সেটাও একটা কারণ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত