আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। প্রতিদিনই নতুন করে সদস্যরা আক্রান্ত হচ্ছেন। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় বাহিনীর আরও ৬ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে এই বাহিনীর মোট ৫৩৮ জন আক্রান্ত হলেন।
শুক্রবার বাহিনীর উপপরিচালক (যোগাযোগ) মেহেনাজ তাবাসসুম রেবিন সাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।
তিনি জানান, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ আক্রান্ত সদস্যদের দ্রুত সুস্থ করে তোলার বিষয়ে বিশেষ নজরদারি বাড়ানোসহ প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করেছেন।
আক্রান্তের মধ্যে রয়েছেন কর্মকর্তা ৬ জন, ব্যাটালিয়ন আনসার ১৬৫ জন, সাধারণ আনসার ৩৫০ জন, কর্মচারী ০২ জন, মহিলা আনসার ৩ জন, ভিডিপি সদস্য ২ জন, বিশেষ আনসার ৩ জন, উপজেলা প্রশিক্ষক ২ জন, উপজেলা প্রশিক্ষিকা ১ জন এবং হিল আনসার ৪ জন। এর মধ্যে ঢাকায় আক্রান্ত হয়েছেন ৩৭৯ জন এবং ঢাকার বাইরে আক্রান্ত হয়েছেন ১৫৯ জন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাহিনীতে সুস্থতার হারও সাফল্যজনক। শুক্রবার পর্যন্ত কর্মকর্তাসহ মোট ৩১৭ জন সদস্য সুস্থ হয়েছেন, সুস্থতার হার প্রায় ৫৯ শতাংশ। আক্রান্তদের মধ্যে চিকিৎসায় শত ভাগ সুস্থ হয়ে ওঠা সদস্যরা কর্মক্ষেত্রে যোগদান করে দায়িত্ব পালন করেছেন। এ বাহিনীর বিভিন্ন থানা/ক্যাম্প/হোটেল/হোম কোয়ারেন্টাইনে আছেন ১০১ জন। করোনা আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১১৭ জন সদস্য।
