ট্রাম্পের নির্বাচনী প্রচারে নাৎসি প্রতীক!

আপডেট : ২০ জুন ২০২০, ০৬:২৮ এএম

সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুক কর্র্তৃপক্ষ তাদের প্ল্যাটফর্ম থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবিরের বেশ কিছু বিজ্ঞাপন সরিয়ে নিয়েছে। ‘আপত্তিকর’ ওই বিজ্ঞাপনগুলোতে নাৎসিদের ব্যবহার করা একটি প্রতীক থাকায় সেগুলো সরিয়ে নেওয়া হয়েছে, বলেছে তারা।

লাল রঙের উল্টো ত্রিভুজাকৃতির ওই প্রতীক ব্যবহার করে নাৎসিরা সাধারণত তাদের বিরোধী পক্ষ বিশেষ করে কমিউনিস্টদের বিষোদগার করত বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

গত মাসে টুইটার ট্রাম্পের একটি পোস্টের বিরুদ্ধে তাদের নীতিমালা লঙ্ঘনের অভিযোগ এনে টুইটটিকে হাইড করে দিয়েছিল। ট্রাম্পের টুইটে ‘ফ্যাক্ট চেকিং’ লেবেলও সেঁটে দিয়েছিল তারা। এর প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের আইনি সুরক্ষা প্রত্যাহারে নির্বাহী আদেশ জারি করেছিলেন।

ট্রাম্পের প্রচার শিবির জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কট্টর-বামপন্থি গোষ্ঠী আন্তিফাকে ইঙ্গিত করে করা ওই বিজ্ঞাপনগুলোতে এই প্রতীকটি ব্যবহার হয়েছে। শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদবিরোধী আন্তিফা ওই প্রতীকটি ব্যবহার করে বলেও জানিয়েছে তারা। তবে ফেইসবুক জানিয়েছে, নাৎসিদের ব্যবহৃত ওই প্রতীক তাদের ‘সংঘবদ্ধ ঘৃণা ঠেকানোর’ নীতিমালা লঙ্ঘন করায় তারা প্ল্যাটফর্ম থেকে বিজ্ঞাপনগুলো সরিয়ে নিয়েছে। ট্রাম্পের প্রচার শিবিরের বানানো এসব বিজ্ঞাপন মার্কিন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট-সংশ্লিষ্ট অনেকগুলো পেজে প্রায় ২৪ ঘণ্টা ছিল; ফেইসবুক কর্র্তৃপক্ষ সরিয়ে নেওয়ার আগে লাখ লাখ মানুষ এগুলো দেখেছে বলে জানিয়েছে বিবিসি।

‘লাল রঙের উল্টো ত্রিভুজ প্রতীকটি আন্তিফা ব্যবহার করে; তাদের নিয়ে বানানো বিজ্ঞাপনে এটি ছিল’ বিবৃতিতে বলেছেন ট্রাম্পের প্রচার শিবিরের মুখপাত্র টিম মুরতা।

মিনিয়াপলিসে পুলিশ হেফাজতে এক কৃষ্ণাঙ্গের মৃত্যুর ঘটনায় যুক্তরাষ্ট্রজুড়ে হওয়া দাঙ্গা ও সহিংসতার পেছনে আন্তিফাই ছিল বলে অভিযোগ করেছেন ট্রাম্প। কট্টর বামপন্থি এ গোষ্ঠীকে ‘অভ্যন্তরীণ সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করা হতে পারে বলে মার্কিন প্রেসিডেন্ট গত মাসে হুঁশিয়ারও করেছিলেন।

আন্তিফার সদস্যরা গত কয়েক বছর ধরেই ট্রাম্পের মুসলিমবিরোধী, অভিবাসনবিরোধী ও জাতীয়তাবাদী নানান পদক্ষেপ ও নীতির সমালোচনা করে আসছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত