ফেনীতে আরও ৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনিবার জেলা সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ মো. ইউসুফ এ তথ্য জানিয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৬৫৩ জনে দাঁড়ালো।
তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে ফেনী সদর উপজেলায় ৭ জন, ছাগলনাইয়ায় একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ওইদিন নোয়াখালী আবদুল মালেক মেডিকেল কলেজের ল্যাবে থেকে ২১ জনের প্রতিবেদন আসে। এছাড়াও জেলায় নতুন করে আরও একজনের মৃত্যু হয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, শনিবার পর্যন্ত ৪ হাজার ৪৩৩ জনের নমুনা সংগ্রহ করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি), চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী আবদুল মালেক মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়। এর মধ্যে ৩ হাজার ২৭১ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে।
এ পর্যন্ত ফেনীতে শনাক্ত ৬৫৩ রোগীর মধ্যে ফেনী সদর উপজেলায় ২৫০ জন, সোনাগাজীতে ১০২ জন, দাগনভূঞায় ১৩৪ জন, ছাগলনাইয়ায় ৯০ জন, ফুলগাজী ৩৫ জন ও পরশুরামে ৩১ জন এবং ফেনীর বাইরের অন্যান্য উপজেলার ১১ জন রোগী রয়েছে।
জেলায় এ পর্যন্ত চিকিৎসক, সরকারী কর্মকতা ও জনপ্রতিনিধিসহ ১৩৫ করোনা পজিটিভ রোগী সুস্থ হয়েছেন। এ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪জন।
