দক্ষিণ কোরিয়াকে ব্যঙ্গ করে এবার সীমান্তে লাখ-লাখ লিফলেট বিতরণের উদ্যোগ নিয়েছে কিম জং উনের উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) শুক্রবার এই খবর দিয়েছে।
গত কয়েক দিন ধরে দক্ষিণ কোরিয়া থেকে এ ধরনের লিফলেট উত্তর কোরিয়ায় আসায় দুপক্ষের মধ্যে নতুন বিরোধ শুরু হয়। উত্তর কোরিয়ার পলাতকেরা এসব কাজ করছে বলে অভিযোগ কিম প্রশাসনের।
পলাতকদের এমন কর্মকাণ্ডে বাধা দিতে না পারলে দক্ষিণ কোরিয়াকে ‘কঠিন মূল্য দিতে হবে’ বলে আগেই হুমকি দিয়েছিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং।
দক্ষিণ কোরিয়া এরপর পক্ষত্যাগী উত্তর কোরীয়দের বিরূপ লিফলেট, বেলুন বার্তা এবং সাগরে বোতলবার্তা পাঠানোর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছে বলে জানায়। এর কয়েকদিনের মাথাতেই উত্তরের নতুন এ পদক্ষেপের কথা শোনা গেল।
উত্তর কোরিয়ার সঙ্গে উত্তেজনা কমাতে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইন প্রশাসন লিফলেট পাঠানো বন্ধে পক্ষত্যাগীদের নিরুৎসাহিত করার চেষ্টাও নিয়েছে। তবে এতে উত্তর কোরিয়ার সমালোচনা এড়াতে চাপ দেওয়া হচ্ছে বলে পক্ষত্যাগীরা অভিযোগ তুলেছেন।
