করোনার চেয়েও দুর্নীতিবাজরা শক্তিশালী বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দুর্নীতির বিষয়ে সরকারের জিরো টলারেন্স নীতি শুধু মুখেই। তাই তো করোনার চেয়েও শক্তিশালী দুর্নীতিবাজরা।
গতকাল শনিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সরকারের আমলে দুর্নীতি সর্বকালের সব রেকর্ড ভেঙেছে। এই মহামারীর সময়েও অবিশ্বাস্য গতিতে চলছে দুর্নীতির এক্সপ্রেস ট্রেন। এই দ্রুতগতির ট্রেন থামানোর বদলে নানাভাবে প্রশ্রয় দিয়ে আসা হচ্ছে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে। তিনি বলেন, বিভিন্ন সেক্টরের লুটের খবর শীর্ষ ব্যক্তিরা জানলেও এখন পর্যন্ত কোনো কঠোর পদক্ষেপ নিতে দেখা যায়নি। সরকারের অবৈধভাবে ক্ষমতা ধরে রাখার মূল চেতনাই হচ্ছে বহুমাত্রিক দুর্নীতি ও লুটপাট। এতে প্রমাণ হয় করোনার চেয়ে দুর্নীতি এখন পরাক্রমশালী। দুর্নীতিবাজরা নিজদেরকে রাষ্ট্রের চেয়েও প্রভাবশালী মনে করছে।
তিনি বলেন, সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত ছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি যে বক্তব্য রেখেছেন তা সঠিক নয়। একজন চিকিৎসক হিসেবে তার দায়িত্ব মানুষকে সাহস জোগানো। কিন্তু তিনি নিজেই বিভ্রান্তি ছড়াচ্ছেন।
রিজভী অভিযোগ করে বলেন, করোনাকালে সবচেয়ে ঝুঁকিতে থাকা চিকিৎসক, সাংবাদিক, পুলিশসহ সম্মুখ সারিতে যারা কাজ করছেন তাদের জন্য স্বাস্থ্য অধিদপ্তর কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।
