কিট সংকটে নারায়ণগঞ্জের রূপগঞ্জ ছাড়া অন্য কোথাও বিগত তিন দিন ধরে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা হচ্ছে না। পরীক্ষা কম হওয়ায় বিগত ২৪ ঘণ্টায় জেলায় ৪০ জন শনাক্ত হয়েছে। সব মিলে এ পর্যন্ত ৪ হাজার ৫৩০ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ১০০ জনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়েছেন ১ হাজার ৯৮৬ জন।
গতকাল শনিবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, রূপগঞ্জে গোলাম দস্তগীর গাজী ল্যাব ও ইউএসবি ল্যাবে ১০৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। কিট সংকটে করোনা ডেডিকেটেড শহরের খানপুরের ৩০০ শয্যা হাসপাতালে কোনো নমুনা সংগ্রহ করা হয়নি। একই কারণে সিটি করপোরেশন, সদর, বন্দর, আড়াইহাজার ও সোনারগাঁয়ে নমুনা সংগ্রহ হয়নি। বিগত তিন দিন ধরেই এ অবস্থা চলছে।
এ বিষয়ে জেলা করোনা ফোকাল পারসন ডা. জাহিদুল ইসলাম দেশ রূপান্তরকে জানান, কিট সংকটের বিষয় স্বাস্থ্য অধিদপ্তরকে জানানো হয়েছে। কিট এলেই পুরোদমে পরীক্ষা শুরু হবে। তবে কবে নাগাদ কিট আসতে পারে, তা জানাতে পারেননি তিনি।
