কক্সবাজারে তৃতীয় মেয়াদে আরও ১০ দিন বেড়েছে লকডাউন। দেশের প্রথম রেড জোন ঘোষিত কক্সবাজার পৌর এলাকায় লকডাউনের ১৪ দিনের মেয়াদ ২০ জুন শেষ হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন। ফলে ৩০ জুন পর্যন্ত লকডাউনের সার্বিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদুর রহমান মোল্লা জানিয়েছেন, করোনা আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা বিবেচনায় জেলা প্রশাসন ৬ জুন কক্সবাজার পৌর এলাকাকে দেশের প্রথম ‘রেড জোন’ ঘোষণা করে ১৪ দিনের জন্য দ্বিতীয় মেয়াদে লকডাউন করে। প্রশাসনের ঘোষণা অনুযায়ী শনিবার ছিল লকডাউনের শেষ দিন।
মাসুদুর রহমান জানান, লকডাউনের বর্ধিত মেয়াদকালে আগের মতোই দেশের সার্বিক কার্যাবলি ও জনসাধারণের চলাচলের নিষেধাজ্ঞাসহ অন্যান্য শর্তাবলি বলবৎ থাকবে। এ ছাড়া লকডাউন বাস্তবায়নে সংশ্লিষ্ট সংস্থা, প্রতিষ্ঠান ও ব্যক্তি আগের মতো দায়িত্ব পালন অব্যাহত রাখবে।
এদিকে কক্সবাজার পৌর এলাকা ছাড়াও ৭ জুন চকরিয়া পৌর এলাকা ও ডুলাহাজারা ইউনিয়ন, টেকনাফ পৌর এলাকা এবং উখিয়ার রতœাপালং ইউনিয়নের কোটবাজার স্টেশনের আশপাশের তিনটি ওয়ার্ড ও রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন কুতুপালং স্টেশনের আশপাশের এলাকাকে ‘রেড জোন’ ঘোষণা করে লকডাউন করা হয়েছে।
