ভার্চুয়াল শুনানি

অধস্তন আদালতে ৩৯ হাজার আসামির জামিন

আপডেট : ২১ জুন ২০২০, ০৬:৩১ এএম

সারা দেশের অধস্তন আদালতে ভার্চুয়াল শুনানির মাধ্যমে আরও ৬ হাজার ৪৭ জন আসামির জামিন হয়েছে। ১৪ থেকে ১৮ জুন পর্যন্ত এসব জামিন মঞ্জুর হয়। এই জামিনের বিপরীতে আবেদন ছিল ১২ হাজার ৬৯৭টি। গতকাল শনিবার সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাইকোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান এসব তথ্য জানান। এ নিয়ে অধস্তন আদালতে ২৫ কার্যদিবসে ৭৩ হাজার ৮৬টি জামিনের আবেদন নিষ্পত্তির মাধ্যমে মোট ৩৯ হাজার ২০২ আসামির জামিন হলো।

এর আগে ১২ জুন সাইফুর রহমান জানান, ভার্চুয়াল শুনানি শুরু হওয়ার পর ১১ জুন পর্যন্ত অধস্তন আদালতে ২০ কর্মদিবসে ৬০ হাজার ৩৮৯টি জামিনের আবেদন নিষ্পত্তির মাধ্যমে ৩৩ হাজার ১৫৫ জন জামিন পান। তিনি আরও জানান, ভার্চুয়াল আদালত শুরু হওয়ার পর ১৮ জুন ৫৩৬ শিশু জামিন পেয়েছে। ইতিমধ্যে ৪৭১ শিশুকে তাদের অভিভাবকের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

করোনাভাইরাস সংক্রমণ রোধে গত মার্চের শেষ সপ্তাহে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও আদালত ছুটি ঘোষণা করে সরকার। ছুটির মধ্যে আইনজীবী, সাক্ষী ও আসামিদের শারীরিক উপস্থিতি ব্যতিরেকে ভার্চুয়াল আদালতের কার্যক্রম শুরু হয় গত ১১ মে। এর আগে ৭ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে মন্ত্রিসভার বৈঠকে ‘আদালত কর্তৃক তথ্যপ্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ ২০২০’-এর খসড়া অনুমোদন লাভের পর ৯ মে এ-সম্পর্কিত অধ্যাদেশ জারি করা হয়। সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী অধস্তন আদালতে ভিডিও কনফারেন্সে জামিন শুনানির পাশাপাশি জরুরি মামলার শুনানির কথা বলা হয়। একই সঙ্গে হাইকোর্টে ১৩টি ভার্চুয়াল বেঞ্চে ফৌজদারি, দেওয়ানি, রিট মামলাসহ বিভিন্ন মামলার শুনানি ও আদেশ হচ্ছে। সরকার ঘোষিত ছুটি ৩০ মে শেষ হয়। তবে উচ্চ ও অধস্তন আদালতে বিচারক, আইনজীবী ও বিচারপ্রার্থীদের উপস্থিতিতে নিয়মিত বিচার কার্যক্রম এখনো শুরু হয়নি। সম্প্রতি সুপ্রিম কোর্টের এক নির্দেশনায় জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভার্চুয়াল আদালতে মামলার শুনানি চলবে। আর চেম্বার আদালতে এই পদ্ধতিতে শুনানি হবে ৩০ জুন পর্যন্ত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত