বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) সেবাগুলো গ্রাহকবান্ধব করার উদ্দেশ্যে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে নতুন টেলিফোন সংযোগের জন্য অনলাইনে আবেদন করার সুবিধা চালু করেছে প্রতিষ্ঠানটি। করোনা পরিস্থিতিতে এ সুবিধা গ্রাহকদের জন্য সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। গতকাল শনিবার বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, গুগল প্লে-স্টোর থেকে টেলিসেবা অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করে বা বিটিসিএলের ওয়েবসাইটের মাধ্যমে টেলিফোনের নতুন সংযোগের জন্য আবেদন করা যাবে। বর্তমানে মুজিববর্ষ উপলক্ষে দেশব্যাপী বিনামূল্যে টেলিফোন সংযোগের অফার চলছে। এক্ষেত্রে জামানতের টাকা ব্যাংকের মাধ্যমে পরিশোধ করতে হবে। অনলাইনে জামানতের টাকা পরিশোধের ব্যবস্থা খুব শিগগিরই চালু করা হবে। এতে বিটিসিএলের টেলিফোন বা ইন্টারনেট সেবা নিতে বাইরে যাওয়ার প্রয়োজন হবে না। গত বছর ‘টেলিসেবা’ অ্যাপ চালুর পর এর মাধ্যমে টেলিফোন ও ইন্টারনেট সার্ভিসের অভিযোগ দ্রুত নিষ্পত্তি হচ্ছে। সেই সঙ্গে বিল পরিশোধের সুবিধা থাকায় তা ক্রমেই জনপ্রিয় হচ্ছে। গ্রাহকসেবার মান উন্নয়নে বিটিসিএলের অন্যান্য সেবাও অনলাইনের আওতায় আনার কাজ চলছে।
×
