নভেল করোনাভাইরাস মহামারী সামাল দিতে বাংলাদেশ যখন বিদেশি অর্থায়নের উপর ‘অনেকাংশে’ নির্ভরশীল, ঠিক তখন ‘কিছু মানুষ’ দুর্নীতির নতুন সুযোগ সৃষ্টি করছেন বলে জানিয়েছে স্বনামধন্য অর্থনীতি বিষয়ক পত্রিকা নিক্কে।
জাপানি এই সংবাদমাধ্যমটি নিজেদের ‘পৃথিবীর সবচেয়ে বেশি প্রচারিত’ আর্থিক পত্রিকা দাবি করে থাকে। তাদের এশিয়ান রিভিউ সংস্করণে রবিবার বলা হয়েছে, অবৈধ টাকা বাংলাদেশের করোনাযুদ্ধকে আরও জটিল করে তুলেছে।
প্রতিবেদনের শুরুতে, সুরক্ষা সরঞ্জাম কেনাকাটায় বাংলাদেশে যে দুর্নীতি হয়েছে সেটি তুলে ধরা হয়েছে। প্রচলিত দামের চেয়ে অধিকাংশ সরঞ্জাম পাঁচগুণ বেশিতে কেনা বলে জানানো হয়েছে।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) ডিরেক্টর শাহ মোহাম্মদ আহসান হাবিব নিক্কে এশিয়ান রিভিউকে বলেন, ‘এসব অবৈধ কাজের পাশাপাশি অর্থপাচারের মতো কর্মকাণ্ড মহামারীর সময়েও কমছে না। বরং এটি পুনর্বিন্যাস হচ্ছে।’
প্রতিবেদনের ভাষায়, ‘কিছুক্ষেত্রে বৈশ্বিক মহামারী দুর্নীতিকে আরও সহজ করেছে। কারণ এই সময়ে চিকিৎসা সরঞ্জাম কেনাকটায় গুরুত্ব দেয়া হচ্ছে। এখানে ৮০ শতাংশ অর্থপাচার হয় বাণিজ্য-ভিত্তিক।’
আরও পড়ুন: কুয়েতে এমপি পাপুলের ১৩৮ কোটি টাকা জব্দ
অর্থপাচার ঠেকাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেয়া পদক্ষেপের কথা উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, ‘‘২০১৯ সালে শেখ হাসিনা ‘জিরো টলারেন্স’ পদক্ষেপ গ্রহণ করেন। এরপর গত সেপ্টেম্বরে ক্যাসিনো-বিরোধী অভিযান শুরু করে সাধারণ মানুষের প্রশংসা কুড়ান।’’
