করোনাকালে দেশের ভঙ্গুর স্বাস্থ্যব্যবস্থা স্পষ্ট হয়েছে : ফখরুল

আপডেট : ২৩ জুন ২০২০, ০৫:৫৮ এএম

করোনাকালে দেশের ভঙ্গুর স্বাস্থ্যব্যবস্থা স্পষ্ট হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। করোনাভাইরাস সংক্রমণে আক্রান্ত চিকিৎসক ও তাদের পরিবারকে সহযোগিতা কার্যক্রম উদ্বোধনের সময় গতকাল সোমবার দুপুরে এক ভার্চুয়াল সভায় এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘করোনায় বাংলাদেশ সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতির মধ্যে পড়েছে। আজকে করোনায় সবচেয়ে বড় যে সত্যটা উদঘাটন হয়েছে সেটা হলো, আমাদের স্বাস্থ্যব্যবস্থা ভঙ্গুর হয়ে গেছে। চীনে যখন ভাইরাসটি ধরা পড়েছে, তখন এই সরকার এটাকে গুরুত্ব দেয়নি। কারণ তখন তারা একটি শতবর্ষ অনুষ্ঠান পালন নিয়ে ব্যস্ত ছিল। এটা শুরু হওয়ার তিন মাস পরে তাদের টনক নড়েছে।’

তিনি বলেন, ‘আমাদের চিকিৎসকরা বারবার বলেছেন, শুরুর দিকে বাইরে থেকে আসা প্রবাসীদের এয়ারপোর্টে টেস্টের মাধ্যমে যদি পদক্ষেপ নেওয়া হতো তাহলে আজ এই পরিস্থিতির সৃষ্টি হতো না। কিন্তু তারা এটা করবে কীভাবে? তাদের তো জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই এবং কোনো সক্ষমতা নেই। তারা তো বিনা ভোটের সরকার।’

বিএনপি মহাসচিব বলেন, সরকার আক্রান্তের ব্যাপারে সঠিক তথ্য দিচ্ছে না। তাই মানুষের মধ্যে সরকারের প্রতি আস্থা নেই। সরকার পর্যাপ্ত পরীক্ষা করতে পারছে না এবং পর্যাপ্ত পরীক্ষা করার মতো সক্ষমতা এই সরকারের নেই। যে পরিমাণ পরীক্ষা এখন পর্যন্ত করা হচ্ছে তার মধ্যে ২৩ শতাংশ আক্রান্ত। অর্থাৎ ১০০ জনের মধ্যে ২৩ জন আক্রান্ত।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা শুরু থেকেই এই সমস্যা সমাধানে একটি জাতীয় ঐক্য গড়ার আহ্বান জানিয়ে ছিলাম। তবে এই সরকার আমাদের এ আহ্বানের গুরুত্ব বুঝতে পারেনি। তারা আমাদের সব প্রস্তাবনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজেদের মতো সব সিদ্ধান্ত নিয়েছে। তারা শুরুর দিকে যখন ত্রাণ দিয়েছে তখন দেখেছি, একটা চুরির মহোৎসব সৃষ্টি হয়েছে। এমনকি খাটের নিচেও তেলের খনি বানাতে দেখেছি।’

তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিয়ে একটি আপৎকালীন বাজেট দরকার ছিল। আমরা ভেবেছিলাম সরকার এবার একটি আপৎকালীন বাজেট দেবে। যার মাধ্যমে মানুষ প্রাণে বাঁচতে পারবে। কিন্তু সরকার সেটা করতে ব্যর্থ হয়েছে।’

ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদের সভাপতিত্বে ভার্চুয়াল সভায় আরও বক্তব্য দেন ড্যাবের প্রধান উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, ড্যাব মহাসচিব ডা. মো. আব্দুস সালামসহ সংগঠনের সিনিয়র নেতারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত