মহামারীর মধ্যেও বাড়ল সোনার দাম : ভরি ৭০ হাজার

আপডেট : ২৩ জুন ২০২০, ০৭:১১ এএম

মহামারী করোনার প্রাদুর্ভাবের মধ্যেও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আন্তর্জাতিক বাজারে মূল্য বাড়ার কারণে দাম বাড়ানো হয়েছে বলছে সংগঠনটি।

প্রতি ভরি সোনার দাম ৫ হাজার ৭১৫ টাকা বাড়িয়ে নতুন দর নির্ধারণ করেছে সংগঠনটি। নতুন দাম অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরির সর্বোচ্চ ক্রয়মূল্য হবে ৬৯ হাজার ৮৬৭ টাকা। গতকাল সোমবার বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। আজ মঙ্গলবার থেকে সোনার এ নতুন দর কার্যকর হবে। বাজুস সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনার কারণে আন্তর্জাতিক বাজারে বর্তমানে সোনার মূল্য সর্বোচ্চ অবস্থানে রয়েছে, ফলে দেশীয় বুলিয়ন মার্কেটে সোনার দাম অনেকাংশে বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে বাজুসের কার্যনির্বাহী কমিটির গতকাল টেলিকনফারেন্সে নেওয়া সিদ্ধান্ত মোতাবেক আজ থেকে দেশের বাজারে সোনা ও রূপার দাম নতুন করে নির্ধারণ করা হয়েছে।

দিলীপ কুমার আগরওয়ালা বলেন, করোনার কারণে আন্তর্জাতিক বাজারে বিনিয়োগ বেড়েছে। এতে বিশ্ববাজারে সোনার দাম গত ৮ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। এ ছাড়া দেশের বাজারে সোনার সংকট রয়েছে। এসব বিষয় বিবেচনা করে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে  দাম বাড়ানো হয়েছে।

তিনি বলেন, করোনার কারণে দেশে সোনা বিক্রি প্রায় ৮৫ শতাংশ কমে গেছে। এর মধ্যে দাম বাড়ায় বিক্রিতে বড় প্রভাব পড়বে। আগামীতে সোনা বিক্রি শূন্যের কোটায় নেমে আসবে বলে তিনি আশঙ্কা করছেন।

 নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালোমানের বা ২২ ক্যারেটের প্রতি ভরির (১১ দশমিক ৬৬৪ গ্রাম) দাম ৫ হাজার ৭১৫ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৬৯ হাজার ৮৬৭ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ৪ হাজার ৯০০ টাকা বাড়িয়ে ৬৬ হাজার ৭১৮ ও ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ১৬৭ টাকা বাড়িয়ে ৫৭ হাজার ৯৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতিতে সোনার দাম ৩ হাজার ৬১৬ টাকা বাড়িয়ে ৪৭ হাজার ৬৪৭ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম পূর্বনির্ধারিত ৯৩৩ টাকাই বহাল রয়েছে।

এর আগে সবশেষ ২৮ মে সোনার দাম নির্ধারণ করেছিল বাজুস। ওই দাম অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরির দাম ৬৪ হাজার ১৫২ টাকা। ২১ ক্যারেট ৬১ হাজার ৮১৯ এবং ১৮ ক্যারেট ৫৬ হাজার ৮০৪ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতিতে সোনার দাম ৪৪ হাজার ৩২ টাকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত