পর্যটকদের নিরাপত্তা দিতে টুরিস্ট পুলিশের আধুনিকায়নের নির্দেশ আইজিপির

আপডেট : ২৩ জুন ২০২০, ০৮:৩৫ পিএম

সম্ভাবনাময় পর্যটন শিল্প বিকাশের লক্ষ্যে দেশি-বিদেশি পর্যটকদের নিশ্ছিদ্র নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য অবস্থান নিশ্চিত টুরিস্ট পুলিশের আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে কনফারেন্স রুমে টুরিস্ট পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এক সভায় আইজিপি এ গুরুত্বারোপ করেন।

আইজিপি বিশ্বের বিভিন্ন উন্নত এবং পর্যটন নির্ভর দেশের টুরিস্ট পুলিশের কার্যক্রম বিশ্লেষণ করে বাংলাদেশের টুরিস্ট পুলিশের উপযোগী একটি আধুনিক কর্মপন্থা নিরূপণের নির্দেশনা প্রদান করেন। তিনি টুরিস্ট পুলিশের অফিসার ও ফোর্সের দেশে-বিদেশে আধুনিক প্রশিক্ষণ আয়োজনের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন দেশের টুরিস্ট পুলিশের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা, সমন্বয় এবং তাদের সাথে রিজওনাল কনফারেন্স আয়োজনেরও নির্দেশ দেন।

আইজিপি বলেন, টুরিস্ট পুলিশের ওয়েব সাইট এবং পেজসমূহ ব্যবহারকারী বান্ধব হতে হবে, যাতে পর্যটকগণ সহজেই তার কাঙ্ক্ষিত পর্যটন স্পটের অবস্থান, নিরাপত্তা, সুযোগ-সুবিধাসহ অন্যান্য বিস্তারিত তথ্যাদি সহজে জানতে পারেন।

চলমান করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে পর্যটন শিল্পকে জনপ্রিয় করার মাধ্যমে এ খাতকে বৈদেশিক মুদ্রা অর্জনের একটি অন্যতম খাত হিসেবে গড়ে তোলার জন্য টুরিস্ট পুলিশের কর্মকর্তাদের নির্দেশ দেন আইজিপি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত