বার্সেলোনার গ্র্যান্ড থিয়েটার অপেরা হাউজে কোনো অনুষ্ঠান হবে আর সেখানে টিকিট অবিক্রীত থাকবে এমনটা কখনো হয়নি। শোনা যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও বন্ধ থাকেনি অপেরা হাউজটি। কিন্তু করোনাভাইরাসের সামাজিক দূরত্ব বিধানের কারণে এখন মানুষের সঙ্গে মানুষ দূরত্ব বজায় রেখে চলছে। তার ওপর যোগ হয়েছে লকডাউন বাস্তবতা। ফলে অনেকদিন ধরেই অপেরা হাউজটিতে কোনো লোকসমাগম হচ্ছে না। কিন্তু তাই বলে কি আর অপেরা হাউজের জৌলুস থেমে থাকবে।
গত সোমবার এক সংগীতজ্ঞ ভিন্নধর্মী একদল দর্শক দিয়ে করে ফেললেন এক শো। দর্শকের আসনে ছিল ২ হাজার ২৯২টি গাছ। ভিন্নধর্মী শিল্পী ইউজিনিও আমপুদিয়া এই শো’র আয়োজন করেন। অপেরা হলে তিনি পুচিন্নির ‘ত্রিস্তেমি’ বাজিয়ে শোনান গাছেদের। গাছেদের বাইরে মানুষও এই অদ্ভুত শো দেখতে পেয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভের মাধ্যমে।
এক বিবৃতিতে অপেরা হাউজটি জানিয়েছে, ‘করোনার এই সময়ে আর্টের ভিন্নধর্মী এই উপস্থাপন যা সবসময়ই মনে করিয়ে দেবে যে সংগীতের সঙ্গে গাছেদের সম্পর্ক কতটা নিবিড়। আমরা ফের স্বাভাবিক সময়ে ফিরে আসব তার সূচনা হলো এই শোর মধ্য দিয়ে।’ গাছগুলোকে নিয়ে আসা হয় স্থানীয় একটি নার্সারি থেকে। আর শো শেষে গাছগুলোকে বার্সেলোনার হাসপাতালগুলোতে করোনাযুদ্ধে লড়াইরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দান করে দেওয়া হয়। গত মধ্য মার্চ থেকেই অপেরা হাউজটির সব শো বন্ধ রাখা হয়েছে করোনাভাইরাসের কারণে। দেশটিতে এখন পর্যন্ত ২৮ হাজার ৩২৪ জনের মৃত্যু হয়েছে করোনায়, আর আক্রান্তের সংখ্যা দুই লাখ ৪৬ হাজার ৫০৪ জন। গত রবিবার স্পেনের জাতীয় জরুরি অবস্থা শিথিল করা হয়েছে। আর এই শিথিল অবস্থার পরই মূলত এই ব্যতিক্রমী শোর আয়োজন করা হয়।
