উপযুক্ত পরিবেশ তৈরি হলেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা (এইচএসসি) নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২০-২১ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, এইচএসসি পরীক্ষা গ্রহণের সব প্রস্তুতি সরকারের রয়েছে। শিক্ষা খাতের বরাদ্দকৃত বাজেট বাস্তবায়নের সক্ষমতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং অপচয় রোধে আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করে শিক্ষামন্ত্রী বলেন, ‘করোনা সংকটকালে অনলাইন ও টেলিভিশনের মাধ্যমে পাঠদান করা হচ্ছে। টেলিভিশনের মাধ্যমে প্রায় ৯২ শতাংশ শিক্ষার্থীর কাছে আমরা পৌঁছাতে সক্ষম হয়েছি। অনলাইনে পাঠদানে আজ নতুন একটি প্ল্যাটফর্ম চালু করা হবে। সব বিশ্ববিদ্যালয় এটি ব্যবহার করতে পারবে।’
শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এ রকম সময়ে উদ্বেগ উৎকণ্ঠা থাকলেও সবারই এই সময়টাকে কাজে লাগাতে হবে। পারিবারিক বন্ধনকে আরও সুদৃঢ় করি। নতুন দক্ষতা অর্জন করার চেষ্টা করি। স্বাস্থ্যবিধি মেনে সবার প্রতি মানবিক আচরণ করি।’
শিক্ষামন্ত্রী তার বক্তব্যে অনলাইন শিক্ষা সহজলভ্য করতে মোবাইল ও ইন্টারনেটের ওপর প্রস্তাবিত শুল্ক প্রত্যাহারের প্রস্তাব করেন। তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমে করোনামুক্ত থাকার আহ্বান জানান।
