দক্ষিণখানে ব্যবসায়ী খুন

স্ত্রীকে লাশ টুকরোয় বাধ্য করে রূপম

আপডেট : ২৪ জুন ২০২০, ০৬:২২ এএম

রাজধানীর দক্ষিণখানে ব্যবসায়ী হেলালউদ্দিন হত্যাকাণ্ডের হোতা চার্লস রূপম সরকার আদালতে জবানবন্দি দিয়েছে। গতকাল মঙ্গলবার সে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। দুদিনের রিমান্ড শেষ হওয়ার আগেই রূপম সরকার জবানবন্দি দিতে রাজি হওয়ায় গতকাল তাকে আদালতে হাজির করে ডিবি। সেখানে হেলালকে হত্যা ও লাশ গুমের জন্য তিন টুকরো করার বিস্তারিত বিবরণ তুলে ধরে সে।

সংশ্লিষ্টরা দেশ রূপান্তরকে জানান, গত ১৫ জুন দক্ষিণখানের তিনটি এলাকা থেকে পুলিশ ব্যবসায়ী হেলালউদ্দিনের তিন টুকরো লাশ উদ্ধার করে। এ ঘটনায় তার ব্যবসায়িক বন্ধু চার্লস রূপম সরকারকে গ্রেপ্তারের পর রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন ডিবির কর্মকর্তারা। জবানবন্দিতে রূপম সরকার জানায়, হত্যার পর হেলালের লাশ টুকরো করতে অস্বীকার করে তার স্ত্রী মনি সরকার। এরপর ভয় দেখিয়ে রূপম বলে, হেলালের মৃত্যুতে তুমিও আটকে গেছো। এখন টুকরো টুকরো করে গুম না করলে তোমাকে জেলে যেতে হবে। ভয়ে মনি তার স্বামীর অপকর্মে সহায়তা করে। বাথরুমে লাশ তিন টুকরো করে এ দম্পতি রক্ত বের করার পর তিনটি বস্তায় ভরে। এরপর সেগুলো বিভিন্ন স্থানে ফেলে আসে রূপম।

ডিবি পুলিশের অতিরিক্ত ডেপুটি কমিশনার কায়সার রেজবি কোরাইশি জানান, হেলাল একটি ফটোকপি মেশিন খুঁজছিলেন। এরই সুযোগ নিয়ে বন্ধু রূপম তার ব্যবসায়িক অর্থ লোপাটের জন্য ফটোকপি মেশিন বিক্রির কথা বলে নিজের বাসায় ডেকে নেয়। সেখানে ঘুমের ওষুধ মেশানো চা দেওয়া হয়। হেলাল জ্ঞান হারালে রূপম পকেট তল্লাশি করে মাত্র ২৫৩ টাকা পায়। এতে রাগান্বিত হয়ে তাকে খুন করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত