গুগলের সাবেক একজন কর্মী এখন চীনের দ্বিতীয় ধনী ব্যক্তি। পিনডুডুও নামের ই-কমার্স ব্যবসা থেকে কলিন হুয়াং নামের ওই ব্যক্তি ৪৫.৪ বিলিয়ন ডলারের মালিক হয়েছেন।
বিবিসি জানিয়েছে, ফোর্বসের হিসাব অনুযায়ী আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা’কে ছাড়িয়ে যাওয়া কলিন আগে মাইক্রোসফটে ইন্টার্ন হিসেবে কাজ করেন। এরপর তিন বছর গুগলের ইঞ্জিনিয়ার পদে চাকরি করেন।
২০১৬ সালে এক ব্লগপোস্টে কলিন লিখেছিলেন, ‘এই তিন বছর আমার জন্য অবিশ্বাস্য মূল্যবান ছিল। আমি যা দিয়েছি, গুগল আমাকে তার থেকে বেশি দিয়েছে। ’
কলিন ২০১৫ সালে পিনডুডুও প্রতিষ্ঠা করেন। কভিড-১৯ মহামারীর সময় তার প্রতিষ্ঠান তুমুল জনপ্রিয়তা অর্জন করে। প্রতিদিন ৬৫ মিলিয়ন করে অর্ডার পাচ্ছিলেন।
চীনের শীর্ষ পাঁচ ইন্টারনেট কোম্পানির তালিকায়ও নাম আছে সাংহাইভিত্তিক এই প্রতিষ্ঠানটির।
ফোর্বসের হিসাবে বিশ্বের শীর্ষ ধনী মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। তার সম্পদের পরিমাণ ১৬১ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার।
বিবিসি লিখেছে, কলিন এখন বেজোসের পেছনে ছুটতে চান!
