করোনা উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় ৩ জনের মৃত্যু

আপডেট : ২৪ জুন ২০২০, ০৮:৪৮ পিএম

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘন্টায় এক নারীসহ ৩ জনের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাত সাড়ে ১০টা থেকে বুধবার দুপুর ২টার মধ্যে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ওই ৩ রোগীর মৃত্যু হয়। মৃত্যু হওয়া ৩ জনের নমূনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

বুধবার বিকেল পৌঁনে ৫ টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায় জেলার উজিরপুরের সানুহার গ্রামের এক বৃদ্ধা (৬৫)। এর আগে করোনা উপসর্গ নিয়ে গত রোববার রাত ৮টায় ওই নারীকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করেন তার স্বজনরা।

এদিকে বুধবার দুপুর ২টার দিকে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় এক বৃদ্ধের (৭০) মৃত্যু হয়। এর আগে করোনা উপসর্গ নিয়ে গত রোববার সন্ধ্যায় ওই বৃদ্ধকে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। 

অন্যদিকে গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় এক ব্যক্তির (৫৬) মৃত্যু হয়। করোনা উপসর্গ নিয়ে ঝালকাঠীর নলছিটির তিমিরকাঠী এলাকার ওই ব্যক্তিকে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করানো হয়। 

হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন তিনজনের মৃত্যু হয়েছে। তাদের নমুনা সংগ্রহ করে কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত