করোনাভাইরাস মহামারীর কারণে এ বছর হজে যাওয়ার সুযোগ না থাকায় নিবন্ধনকারীরা চাইলে পুরো টাকাই ফেরত নিতে পারবেন। এক্ষেত্রে কোনো সার্ভিস চার্জ কাটা হবে না। আগামী ১৩ জুলাই থেকে টাকা ফেরত পাওয়ার আবেদন করা যাবে। তবে নিবন্ধনকারীরা ইচ্ছে করলে আগামী বছর অগ্রাধিকারভাবে হজে যেতে পারবেন।
গতকাল বুধবার ধর্ম মন্ত্রণালয়ে এক অনলাইন আন্তঃমন্ত্রণালয় সভায় এসব সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন সাংবাদিকদের এসব তথ্য জানান। সভায় ধর্ম সচিব মো. নুরুল ইসলাম জানান, সৌদি সরকারের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার টেলিফোনে হজ নিয়ে আলোচনা করেছেন। এ সময় সৌদি মন্ত্রী জানান, সার্বিক বিবেচনায় এ বছর বিশ্বের অন্যান্য দেশ থেকে সৌদি আরবে হজযাত্রী প্রেরণ করা যাবে না। এ জন্য তিনি বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি সমবেদনা ও দুঃখ প্রকাশ করেছেন।
এবার বাংলাদেশ থেকে ৬৪ হাজার ৫৯৪ জন হজে যেতে নিবন্ধন করেছিলেন এবং নির্দিষ্ট হারে টাকা জমা দিয়েছিলেন। করোনাভাইরাস মহামারীর কারণে সৌদি সরকার এবার সীমিত আকারে হজ পালনের সিদ্ধান্ত নেওয়ায় তাদের হজে যাওয়া হচ্ছে না।
গতকালের আন্তঃমন্ত্রণালয় সভায় সিদ্ধান্ত হয় চলতি বছরের প্রাক-নিবন্ধন এবং নিবন্ধন ২০২১ সালের প্রাক নিবন্ধন এবং নিবন্ধন হিসেবে কার্যকর থাকবে। আগামী বছর কোনো কারণে হজ প্যাকেজের ব্যয় হ্রাস-বৃদ্ধি হলে তা নিবন্ধনকারীদের জমাকৃত অর্থের সঙ্গে সমন্বয় করা হবে। কোনো নিবন্ধনকারী নিবন্ধন বাতিল করলে তার প্রাক-নিবন্ধন বাতিল হয়ে যাবে। তাকে নতুন করে প্রাক-নিবন্ধন করে হজে যেতে হবে। কোনো সরকারি হজযাত্রী নিবন্ধনের টাকা উত্তোলন করতে চাইলে অনলাইনে মন্ত্রণালয়ের মাধ্যমে আবেদন করবেন। ব্যাংক হিসাব না থাকলে নিবন্ধনকারীর ইচ্ছানুযায়ী চেক বা পে-অর্ডারের মাধ্যমে পরিশোধ করা হবে।
বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী নিবন্ধনের টাকা উত্তোলন করতে চাইলে সংশ্লিষ্ট হজ এজেন্সির মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে এবং মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে হজ এজেন্সির মাধ্যমে অথবা ব্যাংকের মাধ্যমে অর্থ ফেরত পাওয়া যাবে। নিবন্ধন বাতিল করে টাকা ফেরত চাইলে তা অনলাইনে অথবা হজযাত্রীর ইচ্ছানুযায়ী ফেরৎ দেওয়ার জন্য আগামী ১২ জুলাইয়ের মধ্যে একটি নিবন্ধন বাতিল প্রক্রিয়া প্রস্তুত করে ই-হজ সিস্টেমে সংযুক্ত করা হবে। সফটওয়্যার প্রস্তুত করার জন্য আইটি প্রতিষ্ঠানকে এ সময় দেওয়া হয়। সংশ্লিষ্ট নিবন্ধন কেন্দ্র থেকে নিবন্ধন বাতিলের আবেদন করতে হবে।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিবের সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভায় মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, সুরক্ষা সেবা বিভাগ, জননিরাপত্তা বিভাগ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্যসেবা বিভাগ এবং হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)সহ সংশ্লিষ্টরা অংশ নেয়।
