ম্যানসিটির মাঠেই শিরোপা উৎসব

আপডেট : ২৫ জুন ২০২০, ০৭:২৪ এএম

১৯৯০ সালের পর লিভারপুল সমর্থকদের সামনে সপ্তম আকাশে ওড়ার সময়। পরম আরাধ্য প্রিমিয়ার লিগ শিরোপা যে এবার তাদের ঘরেই আসছে। কিন্তু এমন একটা সময়, এমন উপলক্ষ তবুও লিভারপুল সমর্থকরা হৃদয় খুলে যে উল্লাস করবেন তা হচ্ছে কই। করোনাভাইরাসের কারণে নিয়মনীতির মারপ্যাঁচে এবার শিরোপা উৎসবটাই যে তাদের জন্য নিরামিষ হয়ে যাচ্ছে।

তবে মাঠভর্তি দর্শক, রাস্তাভর্তি সমর্থক না থাকলেও হৃদয় জুড়ানো উৎসবের একটা উপায় বের করেছেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ। তা হলো ম্যানচেস্টার সিটির মাঠে শিরোপা নিশ্চিত করা। এমনিতে অলরেডদের এবার শিরোপা নিশ্চিত কিন্তু কাগজে-কলমে এখনো ঘোষণা করার মতো অবস্থা আসেনি। এখনো তাদের ৫ পয়েন্ট চাই। গতকাল রাতে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচ গেছে ক্লপদের। এ ম্যাচে জিতলে চাই আর ২ পয়েন্ট। পরের ম্যাচটি ম্যানসিটির মাঠে। ২ জুলাইয়ের ম্যাচটিতেই শিরোপা সত্যিকার অর্থেই নিশ্চিত করতে চান ক্লপ। হোক সেটা সিটির মাঠে, হোক খালি গ্যালারি, তবুও এমন দিনে ডাগ আউটের চিরপ্রতিদ্বন্দ্বী পেপ গার্দিওলার সামনে উৎসব করাই তার জন্য বিশেষ কিছু। তাই প্রিমিয়ার লিগ কর্র্তৃপক্ষের কাছে ক্লপের আবেদন ম্যাচটি যেন সিটির মাঠ ইতিহাদ স্টেডিয়ামেই হয়। শোনা যাচ্ছে, পরিবেশবান্ধব ভেন্যুতে ম্যাচ খেলানোর কথা চিন্তা করে বাদ দেওয়া হচ্ছে ইতিহাদকে। পরিবর্তে ওয়েম্বলিতে হবে বলে বলা হচ্ছে। কিন্তু ক্লপ এমনটি চান না। সিটির মাঠে শিরোপা উৎসব করতে চান তিনি।

আরেকটি কারণে নিরপেক্ষ ভেন্যুর কথা ভাবা হচ্ছে। পয়েন্ট তালিকার নিকটতম প্রতিদ্বন্দ্বীদের মাঠে শিরোপা নিশ্চিতের সম্ভাবনা বলে সেদিন লিভারপুল সমর্থকরা স্টেডিয়ামের বাইরে ভিড় করতে পারেন। সেক্ষেত্রে সিটি সমর্থকদের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতি বা বাজে কিছু হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া বড় সমাগমের কারণে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার ভয়ও তো আছে। এজন্য ভাবা হচ্ছে নিরপেক্ষ ভেন্যুর কথা। তবে ক্লপ বলছেন, ‘আমি সত্যিই চাই  ম্যাচটি ইতিহাদে হোক। না হলে ম্যাচটি আয়োজন করাই কঠিন হবে এবং দুই ক্লাবের জন্যই কঠিন হবে। আর ম্যাচটি যেহেতু লিভারপুলে হচ্ছে না তাই সমর্থকরা তো অন্য কোথাও যাবেই।’ ইন্টারনেট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত