মেঘনায় বসুন্ধরা গ্রুপের পণ্যবাহী জাহাজডুবি

আপডেট : ২৫ জুন ২০২০, ০৭:৫২ এএম

মাদার ভেসেল থেকে গম নিয়ে ঢাকায় যাওয়ার সময় ভোলার মেঘনা নদীতে  বসুন্ধরা গ্রুপের পণ্যবাহী একটি জাহাজ ডুবে গেছে। এতে কয়েক কোটি টাকার পণ্য ও জাহাজের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।  গতকাল বুধবার বিকেলে মেঘনার রামগতি সেলিম বাজারের কাছাকাছি এলাকায় বসুন্ধরা গ্রুপের পণ্যবাহী জাহাজ এমভি এসএ বাসারকে এমভি রোকনুর-১৯ ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এ সময় বসুন্ধরা গ্রুপের পণ্যবাহী জাহাজে থাকা ১৯৫০ টন গম পানিতে ডুবে যায়। এমভি এসএ বাসারের মাস্টার মো. ইউছুপ জানান, গভীর সমুদ্রের এমভি ইএল মাটাদর মাদার ভেসেল থেকে গম নিয়ে বসুন্ধরা গ্রুপের ভাড়াকৃত গ্লোবাল মার্কেন্টাইল শিপিংয়ের এমভি এসএ বাসার ঢাকায় আসছিল। জাহাজটি রামগতির সেলিম বাজার এলাকায় পৌঁছলে পেছন থেকে ওভার ক্রসিং করতে গিয়ে সজোরে ধাক্কা দেয় রোকনুর-১৯। এতে এমভি এসএ বাসারের হেজ ফুটো হয়ে গমের মধ্যে পানি ঢুকে পড়ে। কিছুক্ষণের মধ্যে বসুন্ধরা গ্রুপের জাহাজটি পানিতে ডুবতে থাকে।  এদিকে প্রায় ৫ কোটি টাকার পণ্য ও আট কোটি টাকার জাহাজ মিলে মোট ১৩ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে বসুন্ধরা গ্রুপের পক্ষে দাবি করা হয়। এ ঘটনায় বসুন্ধরা গ্রুপের পক্ষে ক্ষতিপূরণের মামলা করা হবে।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত