দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ কসোভোর ক্ষমতাসীন প্রেসিডেন্ট হাশিম থাচি ছাড়াও আরও ৯ জন সার্বিয়ার সঙ্গে দেশটির স্বাধীনতা যুদ্ধের সময় এবং তারও পরে সংঘটিত যুদ্ধাপরাধে জড়িত থাকার অভিযোগ উঠেছে।
বুধবার নেদারল্যান্ডসের হেগে অবস্থিত স্পেশ্যাল প্রসিকিউটর অফিস (এসপিও) থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ১৯৮৯-৯৯ সাল পর্যন্ত সার্বিয়ার সঙ্গে চলমান কসোভোর স্বাধীনতা যুদ্ধে প্রেসিডেন্ট হাশিম থাচিসহ আরও ৯ জন অন্তত ১০০ জনকে হত্যার সঙ্গে জড়িত ছিলেন।
এছাড়াও তাদের বিরুদ্ধে গুম, অত্যাচার এবং নির্যাতনের মতো অভিযোগও রয়েছে। এসপিও তাদের বিবৃতিতে বলছে, অভিযোগটি ‘দীর্ঘ তদন্তের ফল এবং এসপিও এটা দৃঢ়ভাবে বিশ্বাস করে যে যুক্তিসঙ্গত সন্দেহের বাইরে গিয়ে তারা সমস্ত অভিযোগ প্রমাণ করতে পারবে।’
প্রেসিডেন্ট ছাড়াও যুদ্ধাপরাধে অভিযুক্তদের মধ্যে দেশটির পার্লামেন্টের সাবেক স্পিকার ও বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টি অব কসোভোর নেতা কুদরি ভাসেলিও রয়েছেন।
