সামনে ভারতে আইসিসির বড় দুটি টুর্নামেন্ট। ক্রিকেট খেলুড়ে সব দলকেই টুর্নামেন্টের জন্য ভারতে পাড়ি জমাতে হবে। কিন্তু পাকিস্তানের সঙ্গে ভারতের বর্তমান যে বৈরী সম্পর্ক তাতে ভারতের মাটিতে নির্বিঘ্নে খেলতে পারা নিয়ে অনিশ্চয়তায় পাকিস্তান। টুর্নামেন্টে খেলা তো পরের কথা, কোনো ঝামেলা ছাড়া ভারতের ভিসা পাবে কিনা সেটাও নিশ্চিত নয় দেশটি। তাই আইসিসির কাছে পিসিবির আবেদনে এ ব্যাপারে বিসিসিআইয়ের কাছ থেকে লিখিত নিশ্চয়তা পেতে চায় তারা।
সামনের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৩-এ ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করবে ভারত। সিইও ওয়াসিম খান জানান, ‘প্রতিবার পাকিস্তানি পাসপোর্টধারীদের ভারতে ভ্রমণ বা কাজে যাওয়ার জন্য বিশাল ঝক্কি পোহাতে হয়। আমাদের ক্রিকেটার এবং স্টাফদের ওই টুর্নামেন্টগুলোর জন্য ভারত যেতে ভিসা এবং ছাড়পত্র নিতে হবে। এই প্রক্রিয়া খুবই জটিল এবং এজন্য আমাদের অনেক হয়রানিতে পড়তে হয়। আমরা তাই আইসিসির কাছে আবেদন করেছি বিসিসিআই যেন আগামী কয়েক মাসের মধ্যে তাদের সরকারের কাছ থেকে অনুমতি নিয়ে এমন পরিস্থিতি না হওয়ার লিখিত সম্মতি আমাদের দেয়।’ ইন্টারনেট।
