করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে সরকারের ঘোষিত কভিড ডেডিকেটেড হাসপাতালগুলোতে অনেক শয্যা খালি আছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
শুক্রবার দুপুরে সবশেষ করোনা পরিস্থিতির বুলেটিনে দেশের হাসপাতালগুলোতে কভিড-১৯ রোগীদের জন্য বেড সংখ্যা ও আইসিইউ বেড সংখ্যার তথ্যও তুলে ধরেন অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান. ঢাকা মহানগরীতে কভিড ডেডিকেটেড হাসপাতাল রয়েছে ১৬টি এবং ঢাকা জেলায় একটি। ঢাকা মহানগরে কভিড রোগীদের জন্য বেড সংখ্যা আছে ৬ হাজার ৭৭৩টি, আইসিইউ বেড আছে ১৮০টি।
করোনা রোগীদের জন্য বেডগুলোতে রোগী আছে ২ হাজার ৩৭৫ জন এবং আইসিইউ বেডগুলোতে রোগী আছে ৯৭ জন।
সকল বিভাগ মিলে করোনা রোগীদের জন্য সাধারণ বেড সংখ্যা ১৪ হাজার ৬১০টি এবং আইসিইউ বেড সংখ্যা ৩৭৯টি। সকল বিভাগে রোগী ভর্তি আছে ৪ হাজার ৬৯১ জন; আইসিসিইউ বেডে রোগী ভর্তি আছে ১৮৩ জন।
নাসিমা সুলতানা বলেন, “সমস্ত হাসপাতালেই রোগী ভর্তি হতে পারবে। কারণ কভিড ডেডিকেটেড হাসপাতালগুলোতে অনেক শয্যা খালি আছে।”
এসব হাসপাতালে অক্সিজেনসহ অন্যান্য চিকিৎসা সরঞ্জামাদিও পর্যাপ্ত মজুদ আছে বলে বুলেটিনে জানানো হয়।
এদিকে, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ১৮ হাজার ৪৯৮ টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে ৩ হাজার ৪৬৮ জনের শরীরে। তাতে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ১ লাখ ৩০ হাজার ৪৭৪ জন।
এই সময়ে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৪০ জনের। এর মধ্যে ৩১ জনের মৃত্যু হয়েছে হাসপাতালে, ৯ জনের মৃত্যু হয়েছে বাড়িতে।
দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬৬১ জন। আর নতুন ১ হাজার ৬৩৮ জন নিয়ে মোট সুস্থ হলেন ৫৩ হাজার ১৩৩ জন।
