বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর আল্লাহ মালিক কাজেমী (৭১) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
গতকাল শুক্রবার বিকেল ৫টা ৬ মিনিটে এভার কেয়ার হাসপাতালে (সাবেক অ্যাপোলো) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। ছেলে দেশেই থাকেন। এক মেয়ে যুক্তরাষ্ট্র ও আরেক মেয়ে যুক্তরাজ্যে থাকেন।
বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ইফতেখার হোসেন বলেন, ‘হৃদযন্ত্রের জটিলতা নিয়ে ২২ জুন স্যার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ২৩ জুন স্যারের কভিড-১৯ পজিটিভ ধরা পড়ে। আজ বিকেলে মারা যান তিনি।’ ইফতেখার জানান, আজ শনিবার বেলা ১১টায় আঞ্জুমান মুফিদুল ইসলামের তত্ত্বাবধানে রাজধানীর রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।
আল্লাহ মালিক কাজেমী ১৯৭৬ সালে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন। এরপর ২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত ডেপুটি গভর্নর পদে থেকে নিয়মিত চাকরি শেষ করেন। ২০০৮ সালে তাকে চুক্তিতে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। এরপর কয়েক দফা তার মেয়াদ বাড়ানো হয়। মৃত্যুর আগ পর্যন্ত ওই পদেই ছিলেন আল্লাহ মালিক কাজেমী।
বৈদেশিক বাজার ও মুদ্রা ব্যবস্থাপনা, তারল্য ব্যবস্থাপনা, মুদ্রানীতি প্রণয়নসহ কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন ক্ষেত্রে তার বিচরণ ছিল। ব্যাংক খাতের যেকোনো সমস্যা, নতুন নীতি প্রণয়নে তিনি পরামর্শ দিয়ে আসছিলেন। শুধু কেন্দ্রীয় ব্যাংক নয়, বাণিজ্যিক ব্যাংক ও ব্যবসায়ীরাও তার কাছে বিভিন্ন বিষয়ে পরামর্শ নিতেন।
এর আগে ২২ জুন কভিড-১৯ আক্রান্ত হয়ে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক শেখ ফরিদ উদ্দিন সোয়াদ মারা যান। তিনি বাংলাদেশ ব্যাংক ট্রেনিং অ্যাকাডেমিতে কর্মরত ছিলেন।
