গ্রিসে তিন বাংলাদেশি হত্যায় গ্রেপ্তার ১

আপডেট : ২৭ জুন ২০২০, ০৬:৩৯ এএম

গ্রিসে প্রায় চার মাস আগে তিন বাংলাদেশি হত্যার ঘটনায় সাইদুর রহমান ব্যাপারী (৪৫) নামে এক মানব পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে মাদারীপুর সদর উপজেলার বল্লবদী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

এর আগে গত বৃহস্পতিবার বিকেলে শরীয়তপুরের জাজিরা থানায় সাইদুর ও গ্রিসপ্রবাসী কোব্বাছ মাদবরকে (৩৫) আসামি করে মামলা করেন নিহত আসিফ হোসেন লিমনের মা ফাহিমা আক্তার। পরে তিনি জানান, দালাল সাইদুর তার ছেলে লিমনের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে গ্রিসে থাকা কোব্বাছের সঙ্গে ফোনে আলাপ করান। তারা দুজন ১২ লাখ টাকায় বৈধভাবে লিমনকে গ্রিসে নেওয়ার আশ্বাস দেন। ছেলের ভবিষ্যৎ ভেবে একপর্যায়ে লিমনের বাবা তোফাজ্জল হাকিদার সাইদুরকে ৭ লাখ ২০ হাজার এবং পরে সোনালী ব্যাংকের মাধ্যমে ৪ লাখ ৮০ হাজার টাকা দেন।

কিন্তু সাইদুরের প্ররোচণায় তুরস্ক থেকে চোরাইপথে মাইক্রোবাসে অবৈধভাবে গ্রিসে নিতে গিয়ে লিমনকে বিপদের মুখে ঠেলে দেয় মানব পাচারকারীরা। তাকে আটকে রেখে মুক্তিপণ দাবিতে শারীরিক-মানসিক নির্যাতন করা হয়। এরপর গাড়ির ব্যাকডালারে করে পাচারের সময় অন্যদের সঙ্গে লিমনের মৃত্যু হয়। ছেলের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বাবা তোফাজ্জল হাকিদার।

জাজিরা থানার পুলিশ পরিদর্শক (ওসি, তদন্ত) এমএ মজিদ বকুল জানান, লিমনের মায়ের মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামি বিদেশে থাকায় তার বিরুদ্ধে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

গত ২৮ ফেব্রুয়ারি ফেনীর দাগনভূঁইয়ার দুই বাসিন্দার সঙ্গে লিমনকে নির্যাতন করে একটি গাড়ির ব্যাকডালারে গাদাগাদি করে রেখে পাচারের সময় শ্বাসরোধে তাদের মৃত্যু হয়। গত ৮ জুন দূতাবাসের মাধ্যমে লাশগুলো দেশে এনে দাফন করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত