রাঙ্গামাটিবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হচ্ছে। জেলায় স্থাপিত হচ্ছে করোনার নমুনা পরীক্ষার পিসি আর ল্যাব। দেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের অর্থায়নে এ ল্যাব স্থাপন করা হবে।
গতকাল শুক্রবার রাঙ্গামাটির সিভিল সার্জন ডা. বিপাশ খীসা জানান, করোনা পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য ব্যবস্থাপনা ও ত্রাণ কার্যক্রম পরিচালনা, তত্ত্বাবধান ও পর্যবেক্ষণ সংক্রান্ত সমন্বয় সভায় ৬৯ লাখ টাকার চেক সিভিল সার্জনের কাছে হস্তান্তর করেন করোনাকালীন সময়ে রাঙ্গামাটিতে দায়িত্বপ্রাপ্ত সচিব বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্র্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান (সচিব) পবন চৌধুরী।
এ সময় বেজার নির্বাহী চেয়ারম্যান (সচিব) পবন চৌধুরী বলেন, করোনাভাইরাস মোকাবিলায় বসুন্ধরা গ্রুপের অর্থায়নে রাঙ্গামাটিতে পিসিআর ল্যাব স্থাপন করা হচ্ছে। এখানে পিসিআর ল্যাব স্থাপনের জন্য বসুন্ধরা গ্রুপ ৬৯ লাখ টাকার একটি চেক দিয়েছে। সেটি আজ (গতকাল) রাঙ্গামাটির স্বাস্থ্য বিভাগের কাছে প্রদান করা হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ, জেলা পুলিশ সুপার মো. আলমগীর কবির, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ত্রিদীব কান্তি দাশ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমানসহ জেলার বিভিন্ন কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা।
সিভিল সার্জন ও রাঙ্গামাটির দায়িত্বশীলরা পার্বত্য রাঙ্গামাটিবাসীর পাশে দাঁড়ানোয় বসুন্ধরা গ্রুপের ভূয়সী প্রশংসা করেছেন। রাঙ্গামাটির জেলা প্রশাসক পার্বত্যবাসীর পাশে দাঁড়ানোয় রাঙ্গামাটিবাসীর পক্ষ থেকে বসুন্ধরা গ্রুপ ও সচিব পবন চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
