প্রায় এক বছর হয়েছে ক্রিকেট ২০১৯ বিশ্বকাপের ফাইনালের। কিন্তু লর্ডসের ফাইনালের সুপার ওভার নিয়ে এখনো আলোচনা-সমালোচনা হয়। গত বছর ১৪ জুলাইয়ের সেই ফাইনালে পুরো ১০০ ওভার লড়াই শেষে ম্যাচ হয়েছিল টাই। নিয়ম অনুযায়ী হয় সুপার ওভার, সেখানেও সমান রান। চার-ছক্কার হিসাবে জয়ী হয়েছিল ইংল্যান্ড। নিউজিল্যান্ডের রস টেলরের মতে কী এমন হতো যদি ট্রফিটা ভাগাভাগি করে হাতে তুলত দু’দল। ঘোষণা করা হতো যৌথ চ্যাম্পিয়ন। তার মতে, ওয়ানডে ক্রিকেটে সুপার ওভারের কোনো প্রয়োজনীয়তাই নেই।
২০১৯ বিশ্বকাপের সেই ফাইনালের পর আইসিসি পরিবর্তন এনেছে প্লেয়িং কন্ডিশনে। এখন সুপার ওভারেও টাই হলে আরও সুপার ওভার খেলে জয়ী দল খুঁজে বের করার নিয়ম চালু আছে। বর্তমানে চালু থাকা নিয়মও পছন্দ নয় টেলরের। ক্রিকইনফোকে টেলর বলেন, ‘ওয়ানডে ম্যাচে সুপার ওভারের ব্যাপারটি এখনো আমার বোধগম্য নয়। আমার মতে, ওয়ানডে ম্যাচ এত লম্বা সময় ধরে খেলা হয় যে ‘টাই’ ম্যাচ ‘টাই’ হিসেবে থেকে গেলেও সমস্যার কিছু দেখি না। টি-টোয়েন্টি ম্যাচে এটা (সুপার ওভার) করা যেতে পারে। ফুটবল বা অন্যান্য খেলার মতো জয়ী বের করার বিষয়টি থাকতে পারে। কিন্তু ওয়ানডে ম্যাচে সুপার ওভারের প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। যৌথভাবে বিজয়ী ঘোষণা করা যেতেই পারে।’
