‘বিশ্বের বিস্ময়’ হেলেন কেলারের ১৩৯তম জন্মবার্ষিকী ‘হেলেন কেলারস্ ডে ২০২০’ উপলক্ষে আজ ২৭শে জুন ২০২০ শনিবার রাত আটটায় নাট্যসংগঠন স্বপ্নদলের আয়োজনে ফেইসবুক লাইভ আলোচনা ও দেশ-বিদেশে দর্শকন্দিত স্বপ্নদলের মনোড্রামা ‘হেলেন কেলার-এর আংশিক অভিনয় অনুষ্ঠিত হবে। স্বপ্নদল (https://web.facebook.com/groups/swapnadal) এবং স্বপ্নদলের প্রধান সম্পাদক জাহিদ রিপনের ফেইসবুক আইডি (https://web.facebook.com/zahid.repon) থেকে অনুষ্ঠানটি সম্প্রচার হবে।
জাহিদ রিপনের সঞ্চালনায় এতে অতিথি ও আলোচক হিসেবে থাকবেন কথাসাহিত্যিক ও বাংলাদেশ সাংবাদিক-লেখক ফোরাম, জাপান-এর সভাপতি জুয়েল আহ্সান কামরুল, ভারতের সোমা মাইম থিয়েটার-এর দলপ্রধান সোমা দাস প্রমুখ এবং অভিনয় করবেন ‘হেলেন কেলার’ ভূমিকার অভিনেত্রী জুয়েনা শবনম।
মহীয়সী নারী হেলেন কেলার-এর জীবন-কর্ম-স্বপ্ন-সংগ্রাম-দর্শনভিত্তিক ‘হেলেন কেলার’ রচনা করেছেন অপূর্ব কুমার কুণ্ডু এবং নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। দৃষ্টি, বাক ও শ্রবণ প্রতিবন্ধী হওয়া সত্তেও প্রবল আত্মবিশ্বাস আর শিক্ষয়িত্রী অ্যান স্যুলিভানের অতি-মানবিক প্রেরণায় একজন হেলেন কেলারের সকল নেতিবাচকতার বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর কাহিনি নিয়ে আবর্তিত স্বপ্নদলের ‘হেলেন কেলার’ প্রযোজনা। এতে হেলেন কেলারের নিজ শিক্ষয়িত্রী আ্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের ভাষ্যে প্রকাশিত হয় চার্লি চ্যাপলিন-মার্ক টোয়েন-কেনেডি-আইনস্টাইন প্রমুখ বিশ্ববিখ্যাত ব্যক্তিত্বদের সান্নিধ্যে তার জীবনের সমৃদ্ধির কথা। উন্মোচিত হয় পাশ্চাত্যের হেলেন কেলার-এর জীবনে প্রাচ্যের রবীন্দ্রনাথ ঠাকুর তথা রবীন্দ্রদর্শনের প্রবল প্রভাবের প্রকৃত-স্বরূপ! উঠে আসে নারীজাগরণ-মানবতাবাদের পক্ষে এবং যুদ্ধ-ধ্বংস-সহিংসতা-বর্ণবাদ তথা আণবিক অস্ত্রের বিরুদ্ধে তার স্পষ্ট অবস্থানের কথা। পাশাপাশি উচ্চকিত হয় ব্যক্তিজীবনের নানা পূর্ণতা-অপূর্ণতার প্রসঙ্গও। অজস্র প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে প্রকাশিত ও বিকশিত হয়ে মানবকল্যাণে নিবেদিত হতে পারাটাই হয়তো জীবনের চূড়ান্ত সার্থকতা- এ উচ্চাঙ্গের অনুভবটিই শেষাবধি প্রধান হয়ে ওঠে হেলেন কেলার-এর জীবনীনির্ভর এবং গবেষণাগার পদ্ধতিতে নির্মিত ঐতিহ্যের ধারায় আধুনিক বাঙলা নাট্যরীতির এ প্রযোজনায়।
‘হেলেন কেলার’ প্রযোজনাটি দেশে এবং দেশের বাইরে জাপানের টোকিও-তে বাংলাদেশ দূতাবাসের আমন্ত্রণে (বাংলাদেশ লেখক-সাংবাদিক ফোরাম, জাপান-এর সহযোগিতায়) ও ভারতের কলকাতায় প্রাচ্য নিউ আলিপুর আয়োজিত স্বনামখ্যাত ‘পূবের নাট্যগাথা’ আন্তর্জাতিক নাট্যোৎসবে প্রদর্শনীসহ এ পর্যন্ত ২৯টি প্রদর্শনীর মাধ্যমে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। পাশাপাশি এর গবেষণা, বিষয়বস্তু, উপস্থাপনরীতি প্রভৃতির বিবেচনায় একটি আন্তর্জাতিকমানের প্রযোজনা হিসেবে স্বীকৃতি পেয়েছে। সম্প্রতি ‘হেলেন কেলার’ প্রযোজনাটি কুয়েতের বিশ্বখ্যাত একটি নাট্যোৎসবে মঞ্চায়নের জন্যে আমন্ত্রিত হয়েছে।
