মেসি-সুয়ারেজ ঝলকের পরও পয়েন্ট হারাল বার্সা

আপডেট : ২৭ জুন ২০২০, ১১:২০ পিএম

স্প্যানিশ লা লিগায় আবার পয়েন্ট হারিয়েছে বার্সেলোনা। শনিবার সেল্তা ভিগোর বিপক্ষে দুই-দুইবার এগিয়ে গিয়েও জয় তুলে নিতে পারেনি কিকে সেতিয়েনের দল। মাঠ ছাড়তে হয়েছে ২-২ গোলের ড্র নিয়ে।

আর এই ড্রয়ের ফলে শিরোপার দৌড়ে রিয়াল মাদ্রিদের চেয়ে ২ পয়েন্ট পেছনে পড়ার শঙ্কায় পড়ে গেল দলটি। একইসঙ্গে শেষ তিন ম্যাচের মধ্যে দুটিতে ড্র করে শিরোপার পথও কঠিন করে ফেলল বর্তমান চ্যাম্পিয়নরা।

যদিও আপাতত জিদানের দলের চেয়ে এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে বার্সেলোনা। তবে এক ম্যাচ বেশি খেলেছে তারা। রবিবার এস্পানিওলকে হারালেই বার্সার চেয়ে দুই পয়েন্ট এগিয়ে যাবে রিয়াল।

জিদানের দলের হারই কেবল বার্সার এদিনের পয়েন্ট হারানোর মাশুল গোনা থেকে খানিক মুক্তি দিতে পারে। ৩২ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। ৩১ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল। ৩২ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে সেল্তা ১৬তম স্থানে।

প্রতিপক্ষের মাঠে লিওনেল মেসির এসিস্ট থেকে ২০ মিনিটেই বার্সাকে এগিয়ে দিয়েছিলেন সুয়ারেজ। মেসির নেওয়া ফ্রি কিক থেকে উড়ে আসা বল হেডে জালে জড়ান উরুগুইয়ান তারকা।

বিরতির পর অবশ্য ম্যাচে সমতা আনেন সেল্তার ফিওদোর স্মোলোভ। তখন ম্যাচের বয়স ৫০ মিনিট। ১৭ মিনিটের ব্যবধানে অবশ্য ফের লিড নেয় বার্সা। এবারো মেসির এসিস্ট থেকে সুয়ারেজের পায়ে গোল।

কিন্তু ৮৮ মিনিটি বার্সাকে বিমূঢ় করে দেয় দারুণ এক ফ্রি কিক থেকে ইয়াগো আসপাসের গোল। ম্যাচে সমতা ফেরানো গোল করে উচ্ছ্বাসে ফেটে পড়েন আসপাস। জার্সি খুলে উদযাপন করতে গিয়ে কার্ড দেখেন। কিন্তু বার্সার বিপক্ষে পয়েন্ট কেড়ে নেওয়ার কাজটা তো করেছেন। ইনজুরি টাইমে দারুণ এক আক্রমণ থেকে তো প্রায় গোলই পেয়ে যাচ্ছিল সেল্তা।

দুটি এসিস্ট থাকলেও এনিয়ে টানা তিন ম্যাচ গোল পেলেন না মেসি। তাতে ক্যারিয়ারে ৭০০ গোলের মাইলফলক ছোঁয়ার অপেক্ষা বাড়ল তার। আর্জেন্টিনা ও বার্সার হয়ে তার মোট গোলসংখ্যা সেই ৬৯৯-ই রইল।

তবে সুয়ারেজের দ্বিতীয় গোলে অবদান রেখে নিজের বার্সা অধ্যায়ে ২৫০তম এসিস্টের কীর্তি গড়েছেন মেসি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত