মিসবাহ বাবরের মেন্টর হলেই সমস্যা: আমির সোহেল

আপডেট : ২৮ জুন ২০২০, ০২:১৫ এএম

একই সঙ্গে পাকিস্তান ক্রিকেট দলের প্রধান কোচ ও প্রধান নির্বাচক মিসবাহ-উল-হক। এক ব্যক্তির গুরুত্বপূর্ণ দুই পদে থাকা নিয়ে খোদ পাকিস্তানের সাবেক ক্রিকেটারদেরই আছে আপত্তি। যাদের মধ্যে আমির সোহেল একজন। নতুন করে মিসবাহর সমালোচনা করেছেন তিনি।

তিন বছরের চুক্তিতে সাবেক অধিনায়ক মিসবাহকে প্রধান কোচ ও প্রধান নির্বাচক করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে মিসবাহ কোচ হওয়ার পর ১৫ ম্যাচে পাকিস্তান জয় পেয়েছে মাত্র ৬টিতে। এর মধ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে ০-২ এ হোয়াইটওয়াশও রয়েছে।

কদিন আগেই পাকিস্তান টিম ম্যানেজমেন্ট সমপ্রসারণ করা হয়েছে। যেখানে ব্যাটিং কোচ হিসেবে যুক্ত করা হয়েছে আরেক সাবেক অধিনায়ক ইউনিস খানকে।

মিসবাহ যে দুই কাজ একসাথে সামলাতে পারছেন না, ইউনিসকে ব্যাটিং কোচ করাই তার প্রমাণ বলে দাবি আমির সোহেলের। সাবেক এই ওপেনারের মতে পিসিবি ব্যাপারটা বুঝতে পেরেই আলাদা ব্যাটিং কোচ হিসেবে ইউনিসকে নিয়োগ দিয়েছে।

‘পিসিবি ইঙ্গিত দিচ্ছে যে মিসবাহ ভালো ব্যাটিং কোচ নন। তাই তারা ব্যাটিং পরামর্শক হিসেবে ইউনিস খানকে সামনে এনেছে।’- পাকপ্যাশনডটনেটে লিখেছেন সোহেল।

টি-টোয়েন্টির পর ওয়ানডে ফরম্যাটেও বাবর আজমের অধিনায়কত্ব নিয়েও কথা বলেছেন আমির সোহেল। তার আশা মিসবাহর মতো ব্যাটিং এবং অধিনায়কত্বের ধরন অনুসরণ করবেন না বাবর। যতক্ষণ না অধিনায়কের ওপর নিজের প্রভাব খাটান মিসবাহ, সেটা পাকিস্তান ক্রিকেটের জন্যই মঙ্গল মানেন ৪৭ টেস্ট ও ১৫৬ ওয়ানডে খেলা আমির।

তিনি লিখেছেন, ‘যদি বাবরকে কমপক্ষে দু্ই ফরম্যাটে দায়িত্ব দেওয়া হয় তবে পিসিবির দায়িত্ব হল বাবরকে সেরা অধিনায়ক হতে সাহায্য করা। তার নেতৃত্বের দুর্বলতা চিহ্নিত করে এবং সে অনুযায়ী পরামর্শ প্রদান করে এটা হতে পারে। কিন্তু মিসবাহ যদি বাবরের মেন্টর হয়, তবে আমাদের সমস্যা। কারণ রক্ষণাত্মক অধিনায়ক হিসেবে সে সমালোচিত ছিল।’

মিসবাহ অধিনায়ক হিসেবে নিজের ঘাটতি সম্পর্কে সৎ থাকবেন বলে বিশ্বাস আমিরের। সেই সঙ্গে বাবর একই ভুল করবেন না এটা মিসবাহ নিশ্চিত করবেন বলেও আশা তার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত