করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা সহায়তার উদ্দেশ্যে বাংলাদেশসহ উন্নয়নশীল ১২টি দেশে ভেন্টিলেটর পাঠিয়েছেন পোপ ফ্রান্সিস। গত শুক্রবার ভ্যাটিকানের অফিস অব পাপাল চ্যারিটিস এক বিবৃতিতে জানায়, স্থানীয় ধর্মীয় প্রতিনিধি কিংবা ভ্যাটিকান দূতাবাসের মাধ্যমে এই দেশগুলোতে ৩৫টি ভেন্টিলেটর পাঠানো হয়েছে। ক্যাথলিক নিউজ এজেন্সির (সিএনএ) ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ৩৫টি ভেন্টিলেটরের মধ্যে ব্রাজিল, ভেনেজুয়েলা ও হাইতি পেয়েছে চারটি করে। এ ছাড়া বাংলাদেশ, মেক্সিকো, কলম্বিয়া, হন্ডুরাস, ইকুয়েডর, ক্যামেরুন, জিম্বাবুয়ে, ইউক্রেন ও ডমিনিকান রিপাবলিককেও ভেন্টিলেটর দেওয়া হয়েছে। স্থানীয় অ্যাপোস্টোলিক নানসিও (ধর্মীয় সংস্থার প্রতিনিধি) বা ভ্যাটিকান দূতাবাসের মাধ্যমে এসব ভেন্টিলেটর পৌঁছে দেওয়া হয়েছে। তবে ব্রাজিল, ভেনেজুয়েলা ও হাইতি বাদে বাকি দেশগুলোতে কী সংখ্যক করে ভেন্টিলেটর পাঠানো হয়েছে, তা উল্লেখ করা হয়নি।
ভ্যাটিকানের বিবৃতিতে বলা হয়, করোনা মহামারীতে আক্রান্ত দেশগুলোর প্রতি তার সহমর্মিতা প্রকাশ করেছেন পোপ ফ্রান্সিস; বিশেষ করে যেসব দেশের স্বাস্থ্যসেবাব্যবস্থা বেশি সংকটের মুখে রয়েছে। এর আগেও পোপ ফ্রান্সিস বেশ কয়েকটি দেশে ভেন্টিলেটর পাঠান।
